ভালোবাসা থাকলেই একটি সম্পর্ক সুন্দর হয় না। সম্পর্ককে সুস্থ ও দীর্ঘস্থায়ী করতে প্রয়োজন পারস্পরিক সম্মান, বোঝাপড়া, দায়িত্ব ভাগাভাগি এবং একে অপরের প্রতি প্রতিশ্রুতি। অনেক সময় মানুষ নিজের সম্পর্কের সমস্যাগুলো বুঝতে পারেন না। আবার ছোট ছোট কিছু অভ্যাসই যে একটি সম্পর্ককে সুন্দর করে তুলতে পারে, সেটিও অনেকের অজানা। মনোবিজ্ঞান ও সম্পর্কবিষয়ক আলোচনায় এসব বৈশিষ্ট্যকে সুস্থ সম্পর্কের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হয়।
একটি ভালো সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি হলো পারস্পরিক সম্মান। মতের অমিল, রাগ কিংবা মনোমালিন্য—সব সম্পর্কেই থাকতে পারে। তবে এসব পরিস্থিতিতে দুজন কীভাবে একে অপরের সঙ্গে আচরণ করছেন, সেটিই গুরুত্বপূর্ণ। মতবিরোধের সময়ও যদি সঙ্গী আপনার অনুভূতি ও মতামতকে গুরুত্ব দেন এবং অসম্মানজনক আচরণ থেকে বিরত থাকেন, তাহলে সেটি সুস্থ সম্পর্কের ইতিবাচক লক্ষণ। কারণ ভালোবাসার পাশাপাশি সম্মান না থাকলে সম্পর্কের মধ্যে নিরাপত্তা ও আস্থার জায়গা দুর্বল হয়ে পড়ে।
একটি সুন্দর সম্পর্কের আরেকটি বৈশিষ্ট্য হলো মতের অমিলকে স্বাভাবিকভাবে গ্রহণ করার মানসিকতা। দুজন মানুষ ভিন্ন পরিবার, পরিবেশ ও অভিজ্ঞতার মধ্য দিয়ে বড় হন। ফলে তাঁদের চিন্তাভাবনা, পছন্দ কিংবা জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি সব সময় এক হবে, এমনটা প্রত্যাশা করা যায় না। রাজনীতি, সন্তান লালন-পালন, অর্থনৈতিক সিদ্ধান্ত কিংবা দৈনন্দিন জীবনযাপন নিয়ে দুজনের ভিন্ন মত থাকতে পারে। তবে সুস্থ সম্পর্কে একজন অন্যজনের ওপর নিজের মত চাপিয়ে দেন না। বরং একে অপরের অবস্থান বোঝার চেষ্টা করেন এবং আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছান।
সম্পর্ক সুন্দর রাখতে দৈনন্দিন দায়িত্ব ভাগ করে নেওয়াও গুরুত্বপূর্ণ। সংসার কিংবা যৌথ জীবনের সব কাজ একজনের ওপর চাপিয়ে দেওয়া হলে ধীরে ধীরে অসন্তোষ তৈরি হতে পারে। সুস্থ সম্পর্কে দুজনই নিজেদের সামর্থ্য ও দক্ষতা অনুযায়ী দায়িত্ব পালন করেন। কেউ রান্না করলে অন্যজন ঘর গোছানো বা পরিষ্কারের দায়িত্ব নিতে পারেন। আবার প্রয়োজন অনুযায়ী কাজের দায়িত্ব পরিবর্তনও হতে পারে। এখানে কে কতটুকু কাজ করলেন, তার হিসাবের চেয়ে একে অপরের চাপ ও দায়িত্ব বোঝার মানসিকতা বেশি গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতা সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করে।
শুধু ভালো সময় নয়, কঠিন পরিস্থিতিতেও একে অপরের পাশে থাকা একটি সুস্থ সম্পর্কের গুরুত্বপূর্ণ পরিচয়। জীবনে সব সময় আনন্দ বা স্বস্তির মুহূর্ত আসে না। কখনো আর্থিক সংকট, পারিবারিক সমস্যা, অসুস্থতা কিংবা ব্যক্তিগত ব্যর্থতার মুখোমুখি হতে হয়। এমন পরিস্থিতিতে সঙ্গী যদি আপনাকে একা না ফেলে পাশে থাকেন, আপনার কথা শোনেন এবং সমস্যা মোকাবিলায় সহযোগিতা করেন, তাহলে সেটি সম্পর্কের প্রতি তাঁর আন্তরিকতার প্রকাশ। একইভাবে দুজনেরই সম্পর্কের প্রতি দায়িত্বশীল থাকা প্রয়োজন। একতরফা প্রচেষ্টায় দীর্ঘদিন একটি সম্পর্ক সুন্দর রাখা কঠিন।
সুস্থ সম্পর্কের আরেকটি বড় লক্ষণ হলো নিজের মতো করে বেঁচে থাকার স্বাধীনতা। সঙ্গীর সঙ্গে থাকার জন্য নিজের ব্যক্তিত্ব, পছন্দ, শখ কিংবা পরিচয় বিসর্জন দিতে হয় না। আপনি নিজের মতামত প্রকাশ করতে পারছেন, পছন্দের কাজ করতে পারছেন এবং নিজের অনুভূতি নিয়ে খোলামেলা কথা বলতে পারছেন কি না, সেটি গুরুত্বপূর্ণ। সম্পর্কের মধ্যে যদি সব সময় নিজেকে বদলে অন্য কারও মতো উপস্থাপন করতে হয়, তাহলে সেখানে মানসিক স্বস্তির ঘাটতি থাকতে পারে। ভালো সম্পর্কে দুজনই একে অপরের স্বতন্ত্র পরিচয়কে সম্মান করেন এবং ব্যক্তিগত বিকাশে সহযোগিতা করেন।
তবে এসব বৈশিষ্ট্য সব সময় সমানভাবে উপস্থিত থাকবে, এমন নয়। প্রতিটি সম্পর্কেই ভুল বোঝাবুঝি, মতবিরোধ কিংবা কঠিন সময় আসতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, দুজনই সমস্যাগুলো নিয়ে কথা বলতে আগ্রহী কি না এবং সম্পর্কের উন্নতির জন্য চেষ্টা করছেন কি না। কোনো সম্পর্কে ভয় দেখানো, নিয়ন্ত্রণ করা, অপমান করা কিংবা মানসিক ও শারীরিক নির্যাতনকে স্বাভাবিক মতবিরোধ হিসেবে বিবেচনা করা উচিত নয়।
একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে দুজন মানুষের সম্মিলিত প্রচেষ্টায়। সেখানে ভালোবাসার পাশাপাশি থাকে সম্মান, বিশ্বাস, দায়িত্ববোধ, স্বাধীনতা ও পারস্পরিক সহযোগিতা। নিজের সম্পর্কের এসব দিক একবার মিলিয়ে দেখলে বোঝা সহজ হতে পারে, আপনাদের সম্পর্ক কতটা সুস্থ এবং কোথায় আরও যত্ন নেওয়া প্রয়োজন।
সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম
