শিশুকে বাঁচিয়ে সেপটিকট্যাংক ধসে না ফেরার দেশে চলে গেলো পোশাক শ্রমিক ছকিনুর

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ নিজের জীবনের মায়া ত্যাগ করে মৃত্যুর মুখে পড়া আট বছরের এক শিশুকে বাঁচাতে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে নেমেছিলেন পোশাক শ্রমিক মোঃ ছকিনুর ইসলাম (৩০)। নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে শিশুটিকে উদ্ধার করে নিরাপদে ওপরে তুলে দিয়েছিলেন তিনি। কিন্তু শিশুটিকে বাঁচিয়ে নিজে আর ফিরতে পারেননি। জরাজীর্ণ সেপটিক ট্যাংকের দেয়াল ও পাড়ের মাটি ধসে চাপা পড়েন তিনি। দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে ওই পোশক শ্রমিক ছকিনুরের নিথর দেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার দরগারপাড় এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।

নিহত ছকিনুর ইসলাম নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার ছিট রাজীব গ্রামের মোঃ জাহিদুল ইসলামের ছেলে। তিনি আশুলিয়ার স্থানীয় এনআরএল গ্রুপে কাটিং বান্ডেলম্যান হিসেবে কাজ করতেন। তিনি আশুলিয়ার দরগারপাড় এলাকায় লেদুর বাড়িতে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশাহারা তাঁর স্বজনেরা।

এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া শিশুটির নাম শাহিন কাজী লাভলু (৮)। সে স্থানীয় দিনমজুর শাহাবুদ্দিন ও লাইলি দম্পতির সন্তান।

প্রত্যক্ষদর্শী ও ছকিনুরের সহকর্মী রবিউল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে মধ্য গাজীরচট এলাকার একটি পুকুরের পাশে থাকা পরিত্যক্ত সেপটিক ট্যাংকের জমে থাকা পানিতে ছিপ দিয়ে মাছ ধরছিল শিশু শাহিন। একপর্যায়ে অসাবধানতাবশত সে ট্যাংকের পানিতে পড়ে যায়। শিশুটিকে পানিতে হাবুডুবু খেতে দেখে এক মুহূর্তও দেরি করেননি ছকিনুর। নিজের জীবনের ঝুঁকি নিয়ে নেমে পড়েন ট্যাংকের পানিতে। একপর্যায়ে শিশুটিকে টেনে তুলে নিরাপদ স্থানে পৌঁছে দিতে সক্ষম হন তিনি। কিন্তু নিজে ট্যাংক থেকে ওপরে ওঠার আগেই হঠাৎ জরাজীর্ণ ট্যাংকের দেয়াল ও পাশের মাটি ধসে তাঁর ওপর পড়ে। এতে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েন তিনি। যে শিশুটিকে বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়েছিলেন, সেই শিশুটি বেঁচে গেলেও মর্মান্তিকভাবে প্রাণ হারান ছকিনুর।
ঘটনার পর স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। এছাড়াও খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। পরে ইপিজেড ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। ট্যাংকের পানি সেচে ফেলা এবং ধসে পড়া দেয়াল ও মাটি সরিয়ে তাঁকে উদ্ধারের চেষ্টা চালানো হয়। তবে ট্যাংকের ভেতরে পানি ও ধ্বংসস্তুপ থাকায় উদ্ধারকাজে দীর্ঘ সময় লাগে।

একটি শিশুর জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে গেলেন ছকিনুর ইসলাম। তাঁর সাহসিকতা ও আত্মত্যাগের এই ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে। তবে তাঁর মৃত্যুর মধ্য দিয়ে স্ত্রী-সন্তানদের জীবনে নেমে এসেছে অনিশ্চয়তা। যে মানুষটি পরিবারের মুখে হাসি ফোটাতে প্রতিদিন কর্মস্থলে যেতেন, সেই মানুষটিই আর ফিরবেন না ঘরে।

ফায়ার সার্ভিস ঢাকা জোন-৪-এর উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। চৌবাচ্চাটিতে প্রায় পাঁচ ফুট গভীর পানির নিচে দেয়ালচাপা অবস্থায় এক ব্যক্তির দেহের অংশ দেখা যাচ্ছিল। রাত ১০টার দিকে ট্যাংকের পানি সেচে ফেলা হয়। এরপর দীর্ঘ প্রায় নয় ঘণ্টার চেষ্টায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ বলেন, ফায়ার সার্ভিসের দীর্ঘ কয়েক ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর রাত ১১টা ৩০ মিনিটের দিকে পোশাক শ্রমিক ছকিনুর ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!