সাভার (ঢাকা) প্রতিনিধি: প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি উদ্ভাবনে গবেষণার স্বীকৃতি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)। ‘প্রাণিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রযুক্তি উদ্ভাবন’ ক্যাটাগরিতে এ সম্মাননা পেয়েছে সাভারে অবস্থিত দেশের অন্যতম প্রধান এই গবেষণা প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঢাকার পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দীর্ঘদিন ধরে দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা, উন্নত জাত উদ্ভাবন এবং পরিবেশ বান্ধব ও জলবায়ু সহিষ্ণু প্রযুক্তি উন্নয়নে গবেষণা চালিয়ে আসছে বিএলআরআই। প্রতিষ্ঠানটির উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি ও গবেষণালব্ধ ফলাফল দেশের খামারি, উদ্যোক্তা এবং প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশেষ করে প্রাণিসম্পদের উৎপাদন ও ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো, খামারিদের সক্ষমতা বৃদ্ধি এবং দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে গবেষণা ভিত্তিক সমাধান উদ্ভাবনে কাজ করছে প্রতিষ্ঠানটি। এসব গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের স্বীকৃতি হিসেবেই জাতীয় পর্যায়ের এ সম্মাননা অর্জন করেছে বিএলআরআই।

প্রতিষ্ঠানটির এ অর্জনকে বিজ্ঞানী, গবেষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা ও দীর্ঘদিনের গবেষণার স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি দেশের প্রাণিসম্পদ গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও খাতটির আধুনিকায়নে বিএলআরআইয়ের অগ্রণী ভূমিকার প্রতিফলন।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ স্বর্ণপদক প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। পাশাপাশি দেশের প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক, উৎপাদনমুখী ও টেকসই করে গড়ে তুলতে গবেষক ও বিজ্ঞানীদের উৎসাহিত করবে।
এই ওয়েব সাইটের কোন সংবাদ অনুমতি ব্যাতিত কপি করা যাবেনা। সর্ব স্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েব সাইটের কোন সংবাদ অনুমতি ব্যাতিত কপি করা যাবেনা। সর্ব স্বত্ত্ব সংরক্ষিত।