প্রেস বিজ্ঞপ্তিঃ ঢাকা ১২ আসনে ভোটের প্রচারনায় গণসংহতি আন্দোলন-জিএসএ’র মনোনীত প্রার্থী তাসলিমা আখতার বলেছেন, ভোট হচ্ছে জনগণের আমানত। এর ওপর ভিত্তি করেই সংসদ সদস্যরা আইন প্রণয়ন করবেন অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশের অভিযাত্রা শুরু করবেন, সকল নাগরিকের মর্যাদার জীবন নিশ্চিত করতে নীতি প্রণয়ন করবেন। তাই এই মহামূল্যবান আমানত যারা রক্ষা করতে পারবেন, যারা আমানতের খিয়ানত করবেন না- এমন যোগ্য মানুষদের হাতেই ভোটের আমানত তুলে দিতে হবে। ঢাকা ১২ সংসদীয় আসনের ভোটররা সেই কাজটি করবেন বলেই আমরা বিশ্বাস করি।
শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) ঢাকার নাখালপাড়া এলাকায় নিজের নির্বাচনী প্রচারণাকালে এমন আশাবাদ ব্যক্ত করেন তাসলিমা আখতার। তিনি মাথাল প্রতীক নিয়ে এ আসনে সংসদ সদস্য পদের জন্য লড়ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিক প্রচারণার তৃতীয় দিনে আজ তাসলিমা আখতার তার নির্বাচনী এলাকা (ঢাকা ১২)-এর নাখালপাড়া এলাকায় গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন- ঢাকা ১২ নির্বাচনী এলাকার বিভিন্ন ওয়ার্ডের নানা শ্রেণী-পেশার নাগরিকদের পাশাপাশি গণসংহতি আন্দোলন-জিএসএ’র কেন্দ্রীয় ঢাকা মহানগরের নেতাকর্মীবৃন্দ এবং তাসলিমা আখতারের গুণগ্রাহী শুভানুধ্যায়িরা।

উল্লেখ্য, গতকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন এলাকায় তিনি আনুষ্ঠানিকভাবে নিজের নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেছেন। ‘আমি নই আমরা: ঢাকা ১২’র ১২ দফা ইশতেহার’ শিরোনামে ওই প্রস্তাবনায় তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নাগরিক সেবা সহজলভ্য করা, দুর্নীতি-চাঁদাবাজি-মাদক-দখলদারিত্ব প্রতিরোধ, শিক্ষার বাণিজ্যিকীকরণ রোধ, শিক্ষা প্রতিষ্ঠানের দলীয়করণ প্রতিরোধ, নীতি-নির্ধারণে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে ঢাকা ১২ সিটিজেন কাউন্সিল গঠন-সহ বারো দফা প্রস্তাবনা অন্তর্ভুক্ত করেছেন।
‘কথা কম কাজ বেশি, বাংলাদেশকে ভালোবাসি’-এই স্লোগানকে উপজীব্য করে ঢাকা-১২ আসনে তাসলিমা আখতার তার নির্বাচনী প্রচারণা গত ২২ জানুয়ারি শুরু করেছেন এবং এটি চলবে জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন পর্যন্ত।
এই ওয়েব সাইটের কোন সংবাদ অনুমতি ব্যাতিত কপি করা যাবেনা। সর্ব স্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েব সাইটের কোন সংবাদ অনুমতি ব্যাতিত কপি করা যাবেনা। সর্ব স্বত্ত্ব সংরক্ষিত।