মাদ্রাসা শিক্ষাকে আধুনিক শিক্ষার মূলধারার সঙ্গে সম্পৃক্ত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় দেশের ৫০০টি মাদ্রাসায় কারিগরি ও বৃত্তিমূলক ট্রেড চালুর পাশাপাশি ২ হাজার মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম, ১০০টি মাদ্রাসায় আইসিটি ও কম্পিউটার ল্যাব এবং আরও ১০০টি মাদ্রাসায় কমিউনিকেটিভ আরবি ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপনের কার্যক্রম চলছে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন ‘ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব মাদ্রাসা এডুকেশন’ স্কিমের মাধ্যমে নির্বাচিত ৫০০টি মাদ্রাসায় একটি করে ট্রেড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া সরকারের নির্বাচনী ইশতেহারের নির্দেশনার আলোকে সব শিক্ষা ধারায় অন্তত একটি করে কারিগরি ও বৃত্তিমূলক ট্রেড চালুর লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে।
মাদ্রাসা শিক্ষাক্ষেত্রে আধুনিক বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও ইংরেজি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের প্রযুক্তিগতভাবে দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ প্রণীত ‘ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব মাদ্রাসা এডুকেশন’ স্কিমের আওতায় ৫০০টি মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর লক্ষ্যে প্রতিষ্ঠান নির্বাচনের কাজ চলছে। স্কিমের আওতায় পাঁচটি ট্রেডে কারিগরি প্রশিক্ষণ দেওয়ার জন্য মোট ৪৬৯ জন রিসোর্স পারসনের তালিকা প্রস্তুত করা হয়েছে।
এ ছাড়া ১০০টি মাদ্রাসায় কমিউনিকেটিভ আরবি ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপনের কাজ চলমান রয়েছে। মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের জন্য ২ হাজার মাদ্রাসা নির্বাচনের কাজ চলছে। একইভাবে ১০০টি মাদ্রাসায় আইসিটি ও কম্পিউটার ল্যাব স্থাপনের লক্ষ্যে প্রতিষ্ঠান নির্বাচনের কার্যক্রমও চলমান রয়েছে।
মন্ত্রী আরও জানান, দেশের ৬৫৩টি মাদ্রাসায় ‘মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন (তৃতীয় সংশোধিত)’ প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে।
সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম
এই ওয়েব সাইটের কোন সংবাদ অনুমতি ব্যাতিত কপি করা যাবেনা। সর্ব স্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েব সাইটের কোন সংবাদ অনুমতি ব্যাতিত কপি করা যাবেনা। সর্ব স্বত্ত্ব সংরক্ষিত।