সাভার (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার বাচাঁমরা এলাকায় চালককে কুপিয়ে লুটকরা গাড়িসহ এলপিজি গ্যাসের ৪৬২ টি খালি গ্যাস সিলিন্ডার আশুলিয়া থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মোঃ সালাহ উদ্দিন কাদের এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাত ১১ টার দিকে আশুলিয়ার গকুলনগর টানপাড়া এলাকায় মোঃ খলিলের বাড়িতে অভিযান চালিয়ে লুট করা সিলিন্ডারগুলো উদ্ধার করে মাদারীপুরের শিবচর থানা পুলিশ। উদ্ধারকৃত গ্যাস সিলিন্ডারের মুল্য আনুমানিক ১৩ লাখ টাকা।
পুলিশ জানায়, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল হতে ৪৬২ পিস খালি সিলিন্ডার নিয়ে একটি ট্রাক মংলা যাওয়ার পথে গত ৮ জানুয়ারি মধ্যরাতে মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের দত্তপাড়া ইউনিয়নের বাঁচামরা এলাকায় পৌঁছালে ৭/৮ জনের একদল ডাকাত অন্য একটি পিকআপ নিয়ে গাড়িটির গতিরোধ করে। এসময় ডাকাতরা ট্রাকের চালক আসলাম খান ও হেল্পার রিফাতকে কুপিয়ে ফেলে রেখে সিলিন্ডার ভর্তি গাড়িটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শিবচর থানায় একটি ডাকাতি মামলা হলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার সাভার ও আশুলিয়া থানার গকুলনগর টানপাড়া এলাকায় মোঃ খলিলের ছেলে আতিকের বাড়িতে অভিযান চালিয়ে লুট করা সিলিন্ডারগুলো উদ্ধার করা হয়। তবে এসময় ৫০ টি সিলিন্ডার দ্বিখন্ডিত অবস্থায় পাওয়া যায়। এছাড়া অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্য আতিক পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যায়।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের গকুলনগর এলাকার বাসিন্দা মোঃ খলিলের ছেলে মোঃ মেহেদী হাসান আতিকের (২৭) মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান থেকে লুটকৃত এলপিজি সিলিন্ডারগুলো উদ্ধার করেছে পুলিশ। এসময় সেখানে দেশীয় অস্ত্র, ডাকাতি করা সিলিন্ডার কেটে প্রমান লোপাটের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রতিষ্ঠানটির মালিক আতিক তার পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় এলাকাবাসীরা জানায়, পলাতক আতিক গ্যাস সিলিন্ডারের ব্যবসার পাশাপাশি পতিত ফ্যাসিস্ট সরকারের দলের সাথে যুক্ত থাকার সুবাদে এলাকায় সুদ ও সমবায় সমিতির ব্যবসা করতেন। এসবের আড়ালে আতিক ডাকাতির সাথে জড়িত রয়েছে কিনা সে বিষয়ে এলাকাবাসীরা কিছু জানাতে পারেনি।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মোঃ সালাহ উদ্দিন কাদের বলেন, ডাকাতি, ছিনতাই, হত্যাসহ সব ধরনের অপরাধ দমনে মাদারীপুর জেলা পুলিশ তৎপর রয়েছে। পলাতক ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গতঃ গত ৮ জানুয়ারি দিবাগত রাত দেড়টার দিকে ট্রাকচালক আসলাম খান ও তার সহকারী রিফাত ৪৬২টি খালি এলপিজি সিলিন্ডার নিয়ে শ্রীমঙ্গল থেকে মংলা যাচ্ছিলেন। ট্রাকটি মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা এলাকায় পৌছলে একদল ডাকাত তাদের গতি রোধ করে। পরে ট্রাকচালক ও তার সহকারীকে কুপিয়ে আহত করে ট্রাকসহ ৪৬২টি খালি সিলিন্ডার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
এই ওয়েব সাইটের কোন সংবাদ অনুমতি ব্যাতিত কপি করা যাবেনা। সর্ব স্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েব সাইটের কোন সংবাদ অনুমতি ব্যাতিত কপি করা যাবেনা। সর্ব স্বত্ত্ব সংরক্ষিত।