কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যেতে ভারতের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে সিঙ্গাপুরের সঙ্গে সহযোগিতা। ভারতের দক্ষ প্রযুক্তিকর্মী, সফটওয়্যার সক্ষমতা ও বিশাল বাজারের সঙ্গে সিঙ্গাপুরের বিনিয়োগ এবং উন্নত প্রযুক্তি অবকাঠামো যুক্ত হলে এআই প্রযুক্তি তৈরি ও রপ্তানিতে দুই দেশ শক্তিশালী অবস্থান গড়ে তুলতে পারে।
এই সহযোগিতার অংশ হিসেবে গত জুনে ভারতের টাটা কমিউনিকেশনস মুম্বাই ও চেন্নাইয়ের মতো প্রযুক্তিকেন্দ্রের সঙ্গে সিঙ্গাপুরকে যুক্ত করতে সমুদ্রের তলদেশ দিয়ে নতুন যোগাযোগ কেব্ল স্থাপনের প্রকল্প হাতে নেয়। এশিয়াজুড়ে বাড়তে থাকা এআই প্রযুক্তির চাহিদা পূরণে দ্রুত ও নির্ভরযোগ্য যোগাযোগব্যবস্থা গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।
টাটা কমিউনিকেশনস জানিয়েছে, প্রকল্পটি এশিয়ার গুরুত্বপূর্ণ ডিজিটাল যোগাযোগপথে সংযোগের গতি, সক্ষমতা ও নির্ভরযোগ্যতা বাড়াবে। তবে সফটওয়্যার ও প্রকৌশলে দক্ষ জনবল থাকলেও বিশ্ববাজারে প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় কম্পিউটিং অবকাঠামো ও বিনিয়োগের ঘাটতি রয়েছে ভারতে।
দুই বছর আগে ভারত ১২৫ কোটি ডলারের ‘ইন্ডিয়াএআই মিশন’ চালু করে। এর লক্ষ্য হলো নতুন প্রযুক্তিভিত্তিক উদ্যোগগুলোকে সহায়তা দেওয়া, এআই অবকাঠামো গড়ে তোলা এবং গবেষণার জন্য তিনটি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করা। সরকারি সেবায় ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশটি এখন এআই ব্যবসার প্রসার ঘটাতে চায়।
ভারতের এই সম্ভাবনাকে গুরুত্ব দিচ্ছে সিঙ্গাপুরও। দেশটির রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ সংস্থা টেমাসেকের ভারতপ্রধান রবি লম্বাহ বলেন, এআই খাতে ভারতের বিপুল দক্ষ জনবল ও উন্নত সেবা অবকাঠামো দেশটিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ করে দেবে। বিশেষ করে এআইভিত্তিক বিভিন্ন প্রয়োগ ও সেবা তৈরিতে ভারতের ভালো সম্ভাবনা রয়েছে।
ভারত ও সিঙ্গাপুরের সহযোগিতা ব্যবসার বাইরেও শিক্ষা ও গবেষণায় বিস্তৃত হচ্ছে। দক্ষিণ কোরিয়ার অলাভজনক সংস্থা রিডিসেন্ট্রালাইজের প্রেসিডেন্ট জেনি ঝেং এ ক্ষেত্রে ভারতের আইআইটি মাদ্রাজ ও সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যৌথ এআই গবেষণাগারের কথা উল্লেখ করেছেন। পাশাপাশি দুই দেশের প্রতিষ্ঠানগুলো আন্তদেশীয় লেনদেনব্যবস্থা গড়ে তুলতেও কাজ করছে।
জেনি ঝেংয়ের মতে, ভারতীয় নতুন প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলো সিঙ্গাপুরকে কাজে লাগিয়ে কর্মীদের প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক মানের এআই পণ্য তৈরি করতে পারে। তবে ভিসা জটিলতার কারণে দক্ষ প্রকৌশলীদের যাতায়াত বাধাগ্রস্ত হচ্ছে। এ সমস্যা সমাধানে দুই দেশের মধ্যে এআই গবেষণার তথ্য বিনিময়ে বিশেষ চুক্তি এবং প্রযুক্তি খাতের কর্মীদের জন্য দ্রুত বিশেষ ভিসা চালুর পরামর্শ দিয়েছেন তিনি।
সিঙ্গাপুরের পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের অন্য সদস্যদের সঙ্গেও প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে চায় ভারত। ইন্দোনেশিয়ায় দেশটি ইতিমধ্যে ডিজিটাল অবকাঠামো নিয়ে কাজ করছে। ভিয়েতনাম দ্রুত হার্ডওয়্যার উৎপাদনে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে মালয়েশিয়া আঞ্চলিক তথ্যকেন্দ্রের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছে।
২০২৬ থেকে ২০৩০ মেয়াদের আসিয়ান-ভারত কর্মপরিকল্পনায় এআই ও অর্ধপরিবাহী প্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। গত জানুয়ারিতে আসিয়ান-ভারত ডিজিটাল বিষয়ক মন্ত্রিপর্যায়ের বৈঠকেও এসব খাতে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করা হয়। বিনিয়োগ তহবিল আর্করুটসের সাধারণ অংশীদার মেলোডি চ্যান জানান, বৈঠকে এআই খাতে দক্ষতা বৃদ্ধি, অভিন্ন মানদণ্ড নির্ধারণ এবং অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে।
তিনি আরও জানান, ভারত ও মালয়েশিয়ার মধ্যে নতুন প্রযুক্তিভিত্তিক উদ্যোগ এবং মেধাস্বত্ব বিনিময় নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি এআই ও কোয়ান্টাম কম্পিউটিং খাতে সহযোগিতার জন্য ভিয়েতনামে অংশীদার খুঁজছে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলো।
ইন্ডিয়া ব্লকচেইন অ্যালায়েন্সের চেয়ারম্যান রাজ কাপুরের মতে, উদ্ভাবক ও সৃজনশীল মানুষের সংখ্যার দিক থেকে ভারত বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকলেও দেশটি বড় ধরনের মেধাপাচার সমস্যায় ভুগছে। পুঁজি ও গ্রাহকের সন্ধানে অনেক গবেষক ও উদ্যোক্তা যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছেন। তাঁদের দেশে ধরে রাখতে পর্যাপ্ত বিনিয়োগ প্রয়োজন। এ ক্ষেত্রে সিঙ্গাপুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশটি দীর্ঘদিন ধরে ভারতের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অন্যতম বৃহৎ উৎস।
রাজ কাপুরের পরামর্শ, সিঙ্গাপুর থেকে আসা বিনিয়োগের একটি অংশ আবাসন ও অবকাঠামোর পরিবর্তে ভারতের এআই খাতের ঝুঁকিপুঁজি ও প্রবৃদ্ধি তহবিলে বিনিয়োগ করা উচিত। এতে দেশটির প্রযুক্তি খাতে বড় পরিবর্তন আসতে পারে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে প্রবেশের আগে ভারতীয় পণ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরকে নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। সেখানে সফলভাবে পরীক্ষিত পণ্য বিশ্বের বিভিন্ন ব্যাংক, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও সরকারের কাছে বাজারজাত করা তুলনামূলক সহজ হবে।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।