ডিসেম্বরে শুধু শীত আসবে, শেখ হাসিনা আসবেন না

ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, আগামী মাসে বাংলাদেশে একমাত্র শীতই আসবে। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ছড়ানো খবরের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিমন্ত্রী বলেন, ‘ডিসেম্বরে আর কেউ আসবে না। ডিসেম্বরে একমাত্র শীত আসবে। একমাত্র গ্যারান্টি শীত আসবে। এইটা বোধহয় নিশ্চিতভাবে আসতেছে। আপনার জাম্পার কিনেন, ইনভেস্ট ইন অ্যা জাম্পার। হালকা জ্যাকেট পরার হলে জ্যাকেট।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ডিসেম্বরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন। বিজয় দিবসের কারণে ডিসেম্বর আনন্দের মাস হবে বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার কথা বলে লাভ নেই, আসবে না ডিসেম্বরে। ডিসেম্বর হয়ে যাবে, শেখ হাসিনা আসবে না। তিনি টেররিস্ট। টেররিস্টের জায়গা নির্ধারণ করা হয়ে গেছে। তাকে হ্যান্ডকাফ পরিয়ে আনা হবে অথবা আন্ডার স্ট্রিক্ট সারভেইল্যান্স তাকে আনা হবে। এটাই একমাত্র উপায়।’

তিনি আরও বলেন, শেখ হাসিনার পরিবার, দল ও সন্ত্রাসীদের বাংলাদেশে কোনো স্থান নেই। বাংলাদেশের মানুষ সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ভারতের পশ্চিমবঙ্গের কয়েকজন মন্ত্রীর বাংলাদেশ দখলসংক্রান্ত বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের রাজনীতিতে কিছু ‘পাগল’ থাকে। বাংলাদেশের সম্পর্ক ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রীর ভাষ্য, শেখ হাসিনা ভারতের কোনো বাংলাদেশি মিশনে গেলে সেখানে তাঁকে গ্রেপ্তার করা হবে। তিনি বলেন, শেখ হাসিনা ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন।

এ বিষয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশ নিজেদের অবস্থান থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং এ বিষয়ে ভারতকে জানানো অব্যাহত থাকবে। সূত্র: দ্য ডেইলি স্টার বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!