
সাভার (ঢাকা) প্রতিনিধিঃ শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি শ্রমিক কলোনীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে এসময় ওই শ্রমিক কলোনীর পাশে থাকা দুটি দোকানসহ ১৩টি কক্ষ এবং ভিতরে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি শহীদনগর এলাকার মনির হোসেনের মালিকানাধীন শ্রমিক কলোনীতে এ আগুনের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততোক্ষনে ওই শ্রমিক কলোনীর ঘরগুলোতে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় গোহাইলবাড়ি শহীদনগর এলাকার ওই শ্রমিক কলোনীর একটি মিটার থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় মুহুর্তের মধ্যেই আগুন অন্যান্য কক্ষে এবং পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ারসার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের সারাবো থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এবং ডিইপিজেড থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছলেও তাদের মধ্যে থেকে দুইটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে জিরানী সড়কের মাথায় অটোরিকশার জ্যাম থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে বেগ পেতে হয়েছে। এতে সময় বেশি লেগেছে এবং ক্ষয়ক্ষতিও বেশি হয়েছে বলে অীভযোগ করেন স্থানীয়রা।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে শ্রমিক কলোনী ও পাশের দুটি দোকানসহ ১৩ টি কক্ষ পুড়ে গেছে। প্রথম অবস্থায় অনেকেই কিছু মালামাল বের করতে পেরেছে এবং বাকীগুলো পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুনের ঘটনায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
