ক্র্যাবের সাবেক নেতার বিরুদ্ধে গাড়ি পুড়ানোর মামলার প্রতিবাদে সাভারে মানববন্ধন

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ মহাসড়কের পাশে পার্কিং করে রাখা যাত্রীবাহী বাসে রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি কামরুজ্জামান খানের বিরুদ্ধে ‘মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত’ মামলা দায়েরের প্রতিবাদে সাভারে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিক ও পেশাজীবীরা। শনিবার (২৭ সেপ্টেম্বর ) দুপুরে সাভার প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে সাভারে কর্মরহ গণমাধ্যমকর্মীরা অংশগ্রহন করেন।

মানববন্ধন থেকে সাংবাদিকরা অভিযোগ করেন, প্রকৃত অপরাধীদের আড়াল করতেই একজন জ্যেষ্ঠ সাংবাদিক ব্যক্তিত্বের বিরুদ্ধে এমন হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। বাস পোড়ানোর ঘটনার দিন কামরুজ্জামান খান ঘটনাস্থলে ছিলেন না। সে কয়েক বছর যাবত রাজধানীতে বসবাস করছিলেন উল্লেখ করে বক্তারা অবিলম্বে এই মামলা থেকে তার নাম প্রত্যাহার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

সাভার প্রেসক্লাবের নির্বাহী সদস্য আজিম উদ্দিন জানান, একটি গাড়ি পুড়ানোর মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে সাংবাদিক কামরুজ্জামানকে ফাঁসানো হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করার আহ্বান জানান তিনি।

সাংবাদিক আকলাকুর রহমান আকাশ বলেন,”সাংবাদিক সমাজকে চাপ সৃষ্টি ও কণ্ঠরোধ করার জন্য গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় জড়ানোর অপসংস্কৃতি বন্ধ করতে হবে। একজন পেশাদার ও প্রতিষ্ঠিত সাংবাদিকের বিরুদ্ধে কোনো যাচাই-বাছাই ছাড়া মামলা নেওয়া অত্যন্ত উদ্বেগজনক।
সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেওয়ান ইমন বলেন, যে ব্যক্তি দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছেন এবং ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। সেই সাংবাদিককে কিভাবে মামলায় ফাঁসানো হয়েছে, এটা আমরা জানতে চাই। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাভার প্রেসক্লাবের সহ-সভাপতি আরিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হোসেন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক লোটন আচার্য্য, সাভার প্রেসক্লাবের সদস্য নজমুল হুদা শাহিন, সেলিম আহমেদ, ওমর ফারুক, নোমান মাহমুদ, এম এ হালিম, তৌকির আহাম্মেদ, কাজী মাহবুবুর রহমান প্রমুখ। এভাবে মানববন্ধনে সাভার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক, টেলিভিশন চ্যানেল ও অনলাইন নিউজের সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!