পুলিশ পরিচয়ে ডাকাতি করা তেল ভর্তি ট্রাক ৪৮ ঘন্টায়ও উদ্ধার হয়নি

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তেল ভর্তি ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। এঘটনায় আশুলিয়া থানায় অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও গত ঘন্টায় লুন্ঠিত ট্রাক কিংবা তেল কোনটাই উদ্ধার করতে পারেনি পুলিশ। এঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। গত ২৬ ফ্রেব্রুয়ারী (বৃহস্পতিবার) মধ্য রাতে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানাধীন ডেন্ডাবর ডিওএইচএস এর ১নং গেইটের সামনের ইউটার্নে এ ডাকাতির ঘটনা ঘটে।

থানা পুলিশ ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, ২৬ ফ্রেব্রুয়ারী (বৃহস্পতিবার) নায়ারণগঞ্জ জেলার সিন্ধিরগঞ্জ থানার কাঁচপুর এলাকার জাহান পরিবহন সংস্থার ট্রান্সপোর্টের একটি গাড়িতে নারায়নগঞ্জের ফতুল্লা থানাধীন কামাল সুপার অয়েল লিমিটেড কারখানা থেকে ৭৫ ড্রাম সুপার অয়েল নিয়ে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন বনপাড়া পূজা স্টোরের উদ্দেশ্যে রওয়না হয় গাড়ীর ড্রাইভার মোঃ নাজিম উদ্দিন ও হেলপার জিহাদ হোসেন। এদিন মধ্য রাতে তেলের ড্রাম ভর্তি (যাহার প্রতিটি ড্রামে ১৮৬ কেজি তেল) ট্রাকটি নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানাধীন ডেন্ডাবর ডিওএইচএস এর ১নং গেইটের সামনের ইউটার্নে পৌছলে পেছন থেকে গাড়ির লুকিং গ্লাসে টার্পেট লাইট মারা হয়।

এসময় ট্রাকের চালক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মনে করে গাড়ির গতি কমালে পিছন হতে একটি সাদা রংয়ের নোহা গাড়ি ট্রাকের সামনে এসে গতিরোধ করে। পরে তারা পুলিশ পরিচয় দিয়ে কাগজপত্র দেখতে চেয়ে চালক ও তার সহযোগীকে গাড়ি থেকে নামতে বলে। তাদের কথা মতো ট্রাকের চালক ও সহকারী গাড়ি থেকে নামা মাত্রাই অজ্ঞাতনামা ডাকাত দলের সদস্যরা তেলের ড্রাম ভর্তি ট্রাকটি নিজেদের নিয়ন্ত্রনে নিয়ে নেয়। এঘটনায় চালক ও তার সহকারীকে নোহাগাড়িতে তুলে নিয়ে মাওয়া রোডের নির্জন স্থানে ফেলে দিয়ে যায় ডাকাতরা।

এঘটনায় ভুক্তভোগী চালক ও সহকারী ডাকাতদের হাত থেকে ছাড়া পেয়ে আশুলিয়া থানা এসে বিস্তারিত জানিয়ে একটি অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। তবে ডাকাতির ঘটনার পর ৪৮ ঘন্টা পার হলেও এখন পর্যন্ত পুলিশ লুন্ঠিত ট্রাক কিংবা তেলের ড্রাম উদ্ধার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

আশুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে। ডাকাতি হওয়া ট্রাক এবং ট্রাকে থাকা তেলভর্তি ড্রাম উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে। খুব শিঘ্রই অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!