‘শতভাগ গ্যারান্টি’র মাংসই পচা, সাভারে দোকানিকে লাখ টাকা জরিমানা

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের গেন্ডা বাজারে ‘জাহাঙ্গীর হক গোশত বিতান’ নামের একটি মাংসের দোকানে পচা-বাসি কাঁচা মাংস সংরক্ষণ ও বিক্রির অভিযোগে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ আগস্ট) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক বি.এম. রুহুল আমিন রিমনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দোকানটিতে বিক্রির উদ্দেশ্যে পচা ও বাসি কাঁচা মাংস সংরক্ষণ করে রাখা অবস্থায় পাওয়া যায়। একই সঙ্গে ঝুলিয়ে রাখা মাংসের ক্রয়সংক্রান্ত কোনো ভাউচার বা রশিদ দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। দোকানের ট্রেড লাইসেন্সও প্রদর্শনে ব্যর্থ হয় কর্তৃপক্ষ।

দোকানটির সাইনবোর্ডে ‘দেশি বাচ্চা গরু ও খাসির মাংস’ বিক্রির পাশাপাশি মাংসের মান ও ওজনের নিশ্চয়তা এবং ‘তিল পরিমাণ খারাপ হলে জরিমানা দিতে বাধ্য থাকিব’—এমন প্রতিশ্রুতিও লেখা রয়েছে। অথচ অভিযানে ওই দোকানেই পচা-বাসি মাংস পাওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, এসব অনিয়মের বিষয়ে দোকান কর্তৃপক্ষ দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঢাকা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, মনিটরিং কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন মোল্লাসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!