কেরানীগঞ্জে গুলিতে আহত বিএনপি নেতা হাসান মোল্লার মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হওয়ার পর শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা। বিকেল পৌনে ৪টার দিকে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন হযরতপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিলন মাহমুদ।

এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এলে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা।

দুর্বৃতদের ছোড়া একটি গুলি পেটে লাগার পর দৌড়ে ওই স্থান ত্যাগের চেষ্টা করেন হাসান। তখন দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে আরো দুটি গুলি চালায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয় স্থানীয়রা। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে রাজধানীর হলি ফ্যামেলি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার বিকেল পৌনে ৪টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে, হাসান মোল্লার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!