রমজান উপলক্ষে জানুয়ারির শুরুতেই দেশের খুচরা বাজারে পর্যাপ্ত খেজুর সরবরাহ নিশ্চিত করতে চান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ লক্ষ্যে আলজেরিয়ার সরকারি ও বেসরকারি খাত থেকে সরাসরি খেজুর আমদানির বিষয়ে দেশটির রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে আলোচনা করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, ভোক্তারা সাধারণত জানুয়ারির মাঝামাঝি থেকেই রমজানের কেনাকাটা শুরু করেন। তাই জানুয়ারির শুরুতেই খুচরা বাজারে পর্যাপ্ত খেজুর পৌঁছানো জরুরি।
জবাবে আলজেরিয়ার রাষ্ট্রদূত জানান, দেশটিতে এখন খেজুরের ভরা মৌসুম চলছে। বিপুল পরিমাণ খেজুর মজুত রয়েছে। প্রতিযোগিতামূলক দামে খেজুর সরবরাহের প্রস্তাব এরই মধ্যে আলজেরিয়ার কৃষি মন্ত্রণালয় পাঠিয়েছে। দেশটির একটি বেসরকারি রপ্তানিকারক প্রতিষ্ঠানও পরিবহন খরচসহ প্রতি কেজি ২ থেকে ৫ মার্কিন ডলারে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে।
রাষ্ট্রদূতের মতে, আগামী সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করা গেলে ২০ থেকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশের বন্দরে খেজুরের চালান পৌঁছানো সম্ভব।
বৈঠকে বাংলাদেশের জ্বালানিমন্ত্রীর সাম্প্রতিক আলজেরিয়া সফরের প্রসঙ্গও উঠে আসে। বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি খাতে দেশটির সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ।
দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পুরোনো বাণিজ্য চুক্তি নবায়ন এবং যৌথ অর্থনৈতিক কমিশন বা যৌথ বাণিজ্য কমিটি গঠনের বিষয়ে দুই পক্ষ একমত হয়।
দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়াতে বাংলাদেশের এফবিসিসিআই ও আলজেরিয়ার চেম্বার অব কমার্সের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন এবং নিয়মিত বৈঠকের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রীর সামনে আলজেরিয়ায় হালাল পণ্য রপ্তানির নতুন নিয়ম তুলে ধরেন দেশটির রাষ্ট্রদূত। এ ছাড়া আগামী ৩ থেকে ৭ ডিসেম্বর আলজেরিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক হস্তশিল্প মেলায় বাংলাদেশের কারুশিল্পী ও উদ্যোক্তাদের অংশগ্রহণের আমন্ত্রণ জানান তিনি।
মেলায় সম্ভাব্য অংশগ্রহণকারীদের তালিকা দ্রুত তৈরি করে পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় ও আলজেরীয় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
