
সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এঘটনায় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে কল পেয়ে ঘটনাস্থল থেকে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধারসহ বাড়ির গৃহকর্তা গণবিশ^বিদ্যালয়ের চিকিৎসক ডাঃ জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শহিদুজ্জামান।
এর আগে শনিবার দিবাগত রাতে আশুলিয়ার নিরিবিলি এলাকার ফাল্গুনী হাউজিংয়ের আলমগীর হোসেনের ভাড়া বাড়ির দ্বিতীয় তলা থেকে শিশু নির্যাতনের ঘটনায় অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ডাঃ মোঃ জাহিদুল ইসলাম (৩৭) মাদারিপুর জেলার সদর থানার রাজৈর গ্রামের মজিবুর রহমানের ছেলে। সে বেসরকারী হাসপাতাল গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে ভুক্তভোগী গৃহকর্মী সামিয়া (১০) পাবনা জেলার সদর থানার আমিনপুর গ্রামের রজব মন্ডলের মেয়ে। সে গত ১১ মাস ধরে ওই চিকিৎসকের বাড়িতে কাজ করে আসছিল।
থানা পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত ১১ মাস ধরে গনস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ জাহিদুল ইসলাম ও ডাঃ মারিয়া সুলতানা দম্পতির বাসায় গৃহকর্মীর কাজ করে আসছিলো ভুক্তভোগী শিশু সামিয়া। শনিবার রাতে ওই ডাক্তার দম্পতির দুই মাসের শিশু বাচ্চাকে খাওয়ানোর সময় মেয়েটি না খাইতে চাইলে সামিয়া শিশুটিকে খাওয়ানোর জন্য ধমক দেয়। এসময় বিষয়টি ডাক্তার জাহিদ লক্ষ করেন এবং কোন কিছু বুঝে উঠার আগেই একটি লাঠি দিয়ে গৃহকর্মী সামিয়াকে মারতে থাকেন। এঘটনায় নির্যাতনের শিকার শিশুটি সুযোগ বুঝে বাসা থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে থাকে। এসময় এলাকাবাসীরা তার কান্নার কারণ জানতে চাইলে শিশু বিস্তারিত বলে। একইভাবে এর আগেও মেয়েটিকে অনেকবার নির্যাতন করা হয়েছে বলেও জানায় শিশুটি। পুরো ঘটনা শুনে স্থানীয়রা শিশুটির শরিরে বেশ কিছু আঘাতের চিহ্ন দেখতে পেয়ে ৯৯৯ ফোন করেন। খবর পেয়ে পুলিশ এসে জিজ্ঞাসাবাদের জন্য ডাঃ জাহিদুল ইসলামকে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী সামিয়ার অভিযোগ, কোন কাজ ভুল হলেই স্বামী-স্ত্রী মিলে তাকে অমানবিক নির্যাতন করতো। কোন খাবার না বলে খেলেই তার ওপর অমানবিক নির্যাতন করা হতো এমনকি গরম খুন্তি দিয়ে তার জিহ্বায় ছ্যাঁকা দেওয়া হতো। পরিবারের বিষয়ে সামিয়া জানায় টাকার জন্য তার বাবা ইচ্ছার বিরুদ্ধে তাকে এখানে রেখে গেছে।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আজগর হোসেন বলেন, শিশু নির্যাতনের বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। এঘটনায় ভুক্তভোগীর শিশুটির পরিবারের পক্ষ থেকে দুই জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যে আমরা ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করেছি। অন্যজনকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গতঃ মাত্র কয়কদিন আগে রাজধানীর উত্তরায় শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথী আক্তারকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দেশব্যাপি প্রতিবাদের ঝড় উঠে।
