
সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম। এর আগে বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—টাঙ্গাইল জেলার গোপালপুর থানার শিমলাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মোঃ আলতাব হোসেন (৩৮), ফরিদপুর জেলার বোয়ালমারী থানার দক্ষিণ কামার গ্রামের ইসহাক মিয়ার ছেলে মোঃ নয়ন মিয়া (৪০) এবং রাজশাহী জেলার বাঘা থানার ফতেপুর গ্রামের মৃত এরশাদ প্রামাণিকের ছেলে মোঃ শুকচাঁন আলী (৩৭)। তারা বর্তমানে আশুলিয়ার বিভিন্ন এলাকায় বসবাস করতেন।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন পাঁচ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গোয়েন্দা পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আলতাব হোসেনের বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
