উত্তপ্ত সাভার-আশুলিয়া, অবরোধ-ভাংচুর, ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

সাভার (ঢাকা) প্রতিনিধি: টানা দুই দিন শান্ত থাকার পর ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিতের প্রতিবাদে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভে নামেন পোশাক শ্রমিকেরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশ ও বিজিবি সদস্যদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলেও বেলা ১১ টার দিকে সাভারের ফুলবাড়িয়ায় ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় সোয়া এক ঘণ্টা অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় ও বাগবাড়ি এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় স্ট্যান্ডার্ড গ্রুপের সামস স্টাইলিং, দি সিভিল ইঞ্জিনিয়ার ও দি সিভিল ইঞ্জিনিয়ার্স ওভেন কারখানার শ্রমিকদের আন্দোলনে অংশ নিতে দেখা যায়। একপর্যায়ে তাঁরা হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়কে টায়ার ও কারখানার বর্জ্য ফেলে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান। এ সময় শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা কয়েক দফায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন। তবে শ্রমিকেরা আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে আবারও সড়কে জড়ো হওয়ার চেষ্টা করেন। এতে এলাকায় থেমে থেমে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে সকাল সাড়ে ৮ টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় শ্রমিকদের একটি দল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে তাঁদের সরিয়ে দেন। পরে সকাল ১০টার দিকে খেজুরবাগান এলাকাতেও শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেন। সেখানে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। হেমায়েতপুরের আশপাশের কয়েকটি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিলেও কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন বলে জানা গেছে।

সকাল থেকে বিভিন্ন স্থানে বিক্ষোভের ধারাবাহিকতায় বেলা ১১টার দিকে সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারী পোশাক শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। এসময় ঢাকা জেলা পুলিশ, শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌথভাবে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে দুপুর সোয়া ১২টার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, শ্রমিকেরা ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছিলেন। তাঁদের বুঝিয়ে দুপুর সোয়া ১২টার দিকে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করেছে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়কসহ আশুলিয়ার কয়েকটি স্থানে শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

শিল্প পুলিশের পরিদর্শক তাইবুর রহমান জানান, সকালে শ্রমিকেরা সড়কে নামলে জনদুর্ভোগ এড়াতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এতে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানাটি বন্ধ রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!