ডিসেম্বরে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা, কোন প্রতিষ্ঠানে কতদিন

বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে টানা ছুটি পাচ্ছেন দেশের শিক্ষার্থীরা। তবে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার ছুটির মেয়াদে রয়েছে পার্থক্য। প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি ১৮ দিন বন্ধ থাকবে কলেজ। অন্যদিকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি থাকবে ১২ দিন করে। মাদ্রাসায় ছুটির মেয়াদ ১৫ দিন।

শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ থাকবে। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে টানা ১২ দিন বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় এসব বিদ্যালয়ের শিক্ষার্থীরাও টানা ১২ দিনের অবকাশ পাবে।

সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকা অনুযায়ী, ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ ও বড়দিনের ছুটি থাকবে। এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটি রয়েছে। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় পরের দুই দিন সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। ফলে কলেজগুলোতে মোট ১৮ দিন ছুটি থাকবে।

অন্যদিকে সরকারি ও বেসরকারি স্বতন্ত্র এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় ১৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। ছুটির আগে ও পরে দুই দিন করে সাপ্তাহিক ছুটি থাকায় এসব প্রতিষ্ঠানে টানা ১৫ দিন বন্ধ থাকবে।

এই ছুটির মধ্য দিয়ে ২০২৬ সালের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নির্ধারিত ছুটির তালিকা শেষ হবে। তবে প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটি ব্যবহার করা হলে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা আরও দুই দিন অতিরিক্ত ছুটি পেতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!