দেশের মালিকানা বুঝে নিতে নির্বাচনে স্বত:স্ফূর্তভাবে ভোট দিন

প্রেস রিলিজ : দেশের মালিকানা বুঝে নিতে জাতীয় সংসদ নির্বাচনে স্বত:স্ফূর্তভাবে ভোট দেয়ার আহবান জানিয়েছেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল। তিনি বলেন, দেশের মালিক জনগণ এবং নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এ মালিকানা বুঝে নেয়া সম্ভব। মহাপরিচালক আজ চট্টগ্রাম শিশু একাডেমি প্রাঙ্গনে জেলা তথ্য অফিস চট্টগ্রামের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ এবং আচরণবিধি অবহিতকরণ বিষয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মো. আসলাম উদ্দিন এর সভাপতিত্বে উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স স্থাপন প্রকল্পের পরিচালক মো. মনিরুজ্জামান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক সৈয়দ এ মো’মেন, পিআইডি চট্টগ্রামের সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী, জেলা তথ্য অফিস চট্টগ্রামের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন বক্তৃতা করেন।

মহাপরিচালক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার সময় এসেছে। এ নির্বাচন আগামীদিনে দেশ কিভাবে চলবে, সেই রূপরেখা নির্ধারণ করবে । নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে সমর্থন দেওয়ার পাশাপাশি গণভোট বিষয়ে মতামত জানাতে হবে। ভোটের দিন প্রত্যেক ভোটারকে সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা রঙের ব্যালটের সাথে গণভোটে মতামত দিতে গোলাপী রঙের একটি ব্যালট দেওয়া হবে। এ দুটি ব্যালটের মাধ্যমে জনগণ নিজেদের মতামত দেবে। এর ভিত্তিতে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করা হবে বলে তিনি মন্তব্য করেন।

জনাব আবদুল জলিল বলেন, এবারের নির্বাচন শতভাগ উৎসবমুখর পরিবেশে ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে। কেউ কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা বা গন্ডগোল করার সুযোগ পাবে না। দুস্কৃতিকারীদেরও কোনো সুযোগ দেওয়া হবে না। এজন্য প্রশাসন সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এর অংশ হিসেবে গণযোগাযোগ অধিদপ্তরসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে সর্বোচ্চ প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বৈঠকে বিপুল সংখ্যক নারী ভোটার উপস্থিত ছিলেন এবং ভোট প্রদানের বিভিন্ন দিক নিয়ে মহাপরিচালকের সাথে কথোপকথন করেন।

জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স স্থাপন প্রকল্পের উপ প্রকল্প পরিচালক রাব্বী মনির, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, শিশু বিষয়ক কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!