রেকর্ড গড়ার পর স্বর্ণের বাজারে বড় ধস, আরও কমার শঙ্কা

আন্তর্জাতিক বাজারে রেকর্ড উচ্চতা থেকে বড় ধরনের দরপতনের মুখে পড়েছে স্বর্ণ। চলতি বছরের ২৮ জানুয়ারি প্রতি আউন্সের দাম ৫ হাজার ৫৮৯ দশমিক ৩৮ ডলারে পৌঁছে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে উঠেছিল মূল্যবান এই ধাতু। তবে এরপর থেকেই শুরু হয় দরপতন। বুধবার ২০২৫ সালের সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো স্বর্ণের দাম ৩ হাজার ৮০০ ডলারের নিচে নেমে আসে। সর্বোচ্চ দামের তুলনায় এ পতনের পরিমাণ প্রায় এক-তৃতীয়াংশ।

লন্ডনভিত্তিক বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের বৈশ্বিক পণ্য গবেষণা প্রধান সুকি কুপারের মতে, বছরের শুরুতে কয়েকটি কারণ একসঙ্গে কাজ করায় স্বর্ণের দাম দ্রুত বেড়েছিল। এখন ভিন্ন কিছু কারণে দাম কমছে। তাঁর ভাষ্য, স্বর্ণ কখনো পণ্য হিসেবে, আবার কখনো মুদ্রার মতো আচরণ করে। বর্তমানে মুদ্রা হিসেবে এর ভূমিকার কারণেই দামে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

কুপার জানান, ২০২২ সালে প্রবল চাহিদার কারণে স্বর্ণের দাম বাড়তে শুরু করে। ২০২৫ সালের শুরুর আগ পর্যন্ত দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীরা বিশেষ করে গোল্ড এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড থেকে বিনিয়োগ সরিয়ে নিচ্ছিলেন। তবে গত বছর পরিস্থিতি বদলে যায়। এসপিডিআর গোল্ড শেয়ারসের নেতৃত্বে এসব তহবিলে স্বর্ণের মজুত প্রায় ৮০০ টন বাড়ে। বছর শেষে মোট মজুত ৪ হাজার টন ছাড়িয়ে যায়।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্যমতে, ২০২৫ সালে বৈশ্বিক গোল্ড এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে ইতিহাসের সর্বোচ্চ ৮৯ বিলিয়ন ডলার বিনিয়োগ আসে। এতে এসব তহবিলের মোট সম্পদ দ্বিগুণের বেশি বেড়ে ৫৫৯ বিলিয়ন ডলারে দাঁড়ায়।

নর্থ ক্যারোলাইনার স্কলার ফিন্যান্সিয়াল অ্যাডভাইজিংয়ের আর্থিক উপদেষ্টা ইভান মিলস বলেন, কম সুদের হার ও দুর্বল ডলারের কারণে বিনিয়োগকারীরা নগদ অর্থের পরিবর্তে স্বর্ণে ঝুঁকেছিলেন। কিন্তু জানুয়ারির পর বাজারের পরিস্থিতি পাল্টে যায়।

সুকি কুপারের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার পর স্বর্ণ আর নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে থাকেনি; বরং নগদ অর্থ সংগ্রহের উপায়ে পরিণত হয়। নগদ টাকার প্রয়োজন মেটাতে বিনিয়োগকারীরা দ্রুত স্বর্ণ বিক্রি শুরু করলে প্রথম দফায় দরপতন ঘটে। এরপর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর ইঙ্গিত বাজারে নতুন চাপ তৈরি করে।

চলতি সপ্তাহে ফেড গভর্নর ক্রিস্টোফার ওয়ালার ৫০ বেসিস পয়েন্ট সুদ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন। ইভান মিলসের ভাষ্য, ট্রেজারি বন্ডের উচ্চ মুনাফা ও শক্তিশালী ডলারের কারণে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণ ধরে রাখার সুযোগ-ব্যয় বেড়েছে। বর্তমানে মানি মার্কেট ফান্ডগুলো ৪ থেকে ৫ শতাংশ মুনাফা দিচ্ছে, যা বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের তুলনায় বেশি আকর্ষণীয়। একই কারণে রুপার দামও রেকর্ড উচ্চতা থেকে অনেকটা কমেছে।

বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে মিলস বলেন, ২০ থেকে ৩০ শতাংশ মুনাফার অতিরিক্ত প্রত্যাশা থাকায় দাম কমতে শুরু করলেই অনেক বিনিয়োগকারী আতঙ্কিত হয়ে পড়ছেন। তাঁর মতে, স্বর্ণ কোনো বিনিয়োগ পোর্টফোলিওর প্রবৃদ্ধির প্রধান চালক নয়; বরং এটি আর্থিক সুরক্ষার একটি মাধ্যম। দাম যখন অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তখন সেই উচ্চ দামে স্বর্ণ কেনা ঝুঁকিপূর্ণ হতে পারে।

তবে দীর্ঘমেয়াদি সুরক্ষার জন্য জানুয়ারির সর্বোচ্চ দামে অল্প পরিমাণ স্বর্ণ কেনা বিনিয়োগকারীদের খুব বেশি উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই বলে মনে করেন তিনি। ডলার দুর্বল হলে কিংবা ভূরাজনৈতিক অস্থিরতা বাড়লে স্বর্ণের দাম আবারও বাড়তে পারে।

দরপতন সত্ত্বেও দীর্ঘমেয়াদে স্বর্ণের বাজার নিয়ে আশাবাদী কিছু বিশ্লেষক। মর্গান স্ট্যানলির ধাতু ও খনি কৌশল প্রধান অ্যামি গাওয়ার মনে করেন, চলতি বছরের দরপতনের পরও স্বর্ণ ধরে রাখার যথেষ্ট কারণ রয়েছে। যুক্তরাষ্ট্রের টাঁকশালের সাবেক পরিচালক ফিলিপ ডিলের মতে, পারস্য উপসাগরের যুদ্ধ এবং মার্কিন বাণিজ্যনীতির আকস্মিক পরিবর্তনে স্বর্ণের বাজার সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়েছে। ২০২৭ সালে তেলের দাম স্বাভাবিক হলে এবং সুদের হার স্থিতিশীল হলে স্বর্ণ আবারও ঊর্ধ্বমুখী ধারায় ফিরতে পারে বলে তিনি আশা করছেন।

এদিকে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল জানিয়েছে, সেপ্টেম্বরে কেন্দ্রীয় ব্যাংকগুলো উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণ কিনেছে। তবে সামগ্রিক ক্রয় গত বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ কম ছিল। ব্যানকবার্ন ক্যাপিটাল মার্কেটসের প্রধান বাজার কৌশলবিদ মার্ক চ্যান্ডলার জানান, চীনের পাশাপাশি ন্যাটো সদস্য পোল্যান্ডও চলতি বছর স্বর্ণের বড় ক্রেতা ছিল।

চ্যান্ডলারের মতে, উচ্চ সুদের হারের কারণে বিটকয়েন ও স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের আকর্ষণ কমেছে। এতে সাধারণ খুচরা বিনিয়োগকারীদের অনেকে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। বৃহস্পতিবার সকালে স্বর্ণের দাম প্রতি আউন্স ৩ হাজার ৭০০ ডলারের নিচে নেমে যায়। তাঁর আশঙ্কা, বাজারের বর্তমান পরিস্থিতিতে দাম আরও কমে ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৬০০ ডলারে পৌঁছাতে পারে।

তবে দীর্ঘমেয়াদি গড় দামের সঙ্গে তুলনা করলে স্বর্ণের বর্তমান দাম এখনো অনেক বেশি। চ্যান্ডলারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১০ বছরে স্বর্ণের গড় দাম ছিল প্রতি আউন্স ২ হাজার ১২৭ ডলার এবং ২০ বছরের গড় দাম ১ হাজার ৬৬৬ ডলার। ফলে সাম্প্রতিক দরপতন সত্ত্বেও ঐতিহাসিক গড়ের তুলনায় স্বর্ণের দাম বেশ উঁচুতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!