
সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারে নূন্যতম মজুরী বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনে উসকানি, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে সাভার পৌরসভার গেন্ডা এলাকা থেকে ছাত্রলীগ কর্মী মেহেদী হাসানকে আটক করা হয়। পরে তাঁকে সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক মেহেদী হাসান সাভার পৌর ছাত্রলীগের পলাতক সভাপতি মাসুম দেওয়ানের নির্দেশনায় এসব কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে ছাত্রদল নেতাদের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। আটকের পর তিনি মাসুম দেওয়ানের নির্দেশনায় বিভিন্ন সময়ে নাশকতার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
ছাত্রদল নেতাদের দাবি, মেহেদী হাসান দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ছাত্রলীগের হয়ে পরিকল্পিতভাবে সাভারে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। পলাতক পৌর ছাত্রলীগ সভাপতি মাসুম দেওয়ানের নির্দেশনায় তিনি এসব কর্মকাণ্ডে অংশ নিতেন। বিশেষ করে সম্প্রতি সাভার-আশুলিয়ায় পোশাকশ্রমিকদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে উসকানি দেওয়া, বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তাঁর সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ তাঁদের।
তাঁদের ভাষ্য, মেহেদী হাসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর তাঁকে শনাক্ত করে আটকের উদ্যোগ নেওয়া হয়। বৃহস্পতিবার রাতে গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে মাসুম দেওয়ানের নির্দেশনায় শ্রমিক আন্দোলনে উসকানি দেওয়া এবং ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা তিনি স্বীকার করেছেন।
পরে আটক মেহেদী হাসানকে সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ, কথিত স্বীকারোক্তি এবং নাশকতার ঘটনায় সম্পৃক্ততার বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এব্যাপারে জানতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমের মুঠোফোনে একাধিকবার কল করেও সংযোগ পাওয়া যায়নি।