সাভারে ভাড়াটিয়ার ওপর হামলা ও শ্লীলতাহানি, থানায় অভিযোগ দায়ের

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারে এক নারী ভাড়াটিয়ার ওপর শ্লীলতাহানি ও হামলার অভিযোগ উঠেছে বাড়ির মালিকের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী নারী সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ থেকে জানা গেছে, ভুক্তভোগী ওই নারীর নাম ঝুমুর আক্তার (৪০)। সে পেশায় একজন চাকরিজীবী। প্রায় তিন মাস আগে তিনি স্বামী ও সন্তানসহ সাভারের নগরকোন্ডা নয়ানগরে মোঃ রানার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন। তার স্বামী সামসুল আলম ইসলামী ব্যাংক হাঙ্গাইল শাখার এটিএম বুথে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত।

অন্যদিকে অভিযুক্ত মোঃ রানা (৪৫) স্থানীয় আওয়ামী যুবলীগের কর্মী বলে জানা গেছে। ক্ষমতার প্রভাব খাটিয়েই তিনি দীর্ঘদিন ধরে ভুক্তভোগী নারীকে হুমকি দিয়ে আসছিলেন।

অভিযোগে বলা হয়, স্বামী বাসায় না থাকার সুযোগে মোঃ রানা তাকে একাধিকবার কুপ্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন তিনি। এরই ধারাবাহিকতায় গত ১৪ জানুয়ারি রাতে স্বামী ডিউটিতে গেলে অভিযুক্ত রানা জোরপূর্বক তার কক্ষে প্রবেশ করে অসৎ উদ্দেশে শ্লীলতাহানি করেন। বাঁধা দিলে মারধর করা হয় এবং লোহার রড দিয়ে আঘাত করা হয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত রানা পালিয়ে যান এবং ভবিষ্যতে আরও ভয়াবহ ক্ষতির হুমকি দেন বলে জানান ভুক্তভোগী। পরে স্থানীয়দের সহায়তায় আহত ঝুমুর আক্তারকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

সাভার মডেল থানার এসআই ইমরান জানান, “আমরা অভিযুক্ত রানাকে আটকের জন্য একাধিকবার তার বাসায় অভিযান চালিয়েছি, কিন্তু তাকে পাওয়া যায়নি। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। বাড়ির মালিক রানার বক্তব্য নেওয়ার জন্য তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!