স্কুল-কলেজে এআই বিভাগ চালুর উদ্যোগ, কী জানালেন শিক্ষামন্ত্রী

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিভাগ চালুর উদ্যোগ নেওয়া হতে পারে। সরকারের নীতিগত সিদ্ধান্ত হলে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনের বৈঠকে লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী জানান, সরকারের নীতিগত সিদ্ধান্ত হলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের মতো এআই (Artificial Intelligence) বিভাগ চালুর উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তি ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। এ প্রকল্পের আওতায় নবায়নযোগ্য জ্বালানি, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অগমেন্টেড রিয়েলিটি (এআর), ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর), জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস) এবং গণিত ল্যাব স্থাপন করা হবে।

শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা বাস্তবায়নেও এ প্রকল্পের মাধ্যমে সহায়তা দেওয়া হবে বলে জানান মন্ত্রী। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৫০০ কোটি টাকা, যা সরকারি অর্থায়নে (জিওবি) বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবিত প্রকল্পটির মেয়াদ পাঁচ বছর। এর বাস্তবায়নকাল ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!