
সাভার (ঢাকা) প্রতিনিধিঃ আশুলিয়ায় দিয়াবাড়ি এলাকায় জমি দখলের পাঁয়তারা করে জোরপূর্বক জমিতে প্রবেশ করে গাছ কেটে ফেলা, ঘরের বিদ্যুৎ সংযোগের তার, বেড়া ও খুঁটি খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি ও চুরির অভিযোগ এনে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী জমির মালিক মাহাবুব আলম সুলতান।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী মাহাবুব আলম সুলতান দীর্ঘদিন ধরে ২৫ দশমিক ৫২ শতাংশ জমিটির মালিকানা ও দখলে রয়েছেন। ওই জমিতে তার একটি ঘর, বৈদ্যুতিক সংযোগ ও বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে। জমিটি দখলের জন্য স্থানীয় মীর আলী, ফারুক, আলাউদ্দিন, কার্তিক চন্দ্র সরকার, সুনিল চন্দ্র সরকার ও তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হয়রানি করে আসছিলো। গত ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে অভিযুক্তরা আরও ৪-৫ জনকে সঙ্গে নিয়ে দলবদ্ধ হয়ে ওই জমিতে প্রবেশ করেন। এ সময় তারা জমিতে থাকা গাছপালা ও কলাগাছ কেটে ফেলেন। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগকারীর দাবি। এ ছাড়া অভিযুক্তরা ঘরের বিদ্যুৎ সংযোগের তার কেটে নেওয়ার পাশাপাশি জমিতে থাকা বেড়া ও খুঁটি খুলে নিয়ে যান। এতে আরও প্রায় ৫০ হাজার টাকার মালামাল ক্ষতি বা চুরি হয়েছে।

ভুক্তভোগী মাহাবুবু আলম সুলতান বলেন, ভাংচুর ও চুরির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমি বাধা দিলে তারা আমাকে গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় আমি নিরাপত্তাহীনতায় থাকায় থানায় লিখিত অভিযোগ করেছি। আমি ঘটনার সুষ্ঠ তদন্ত করে সঠিক বিচার দাবি করছি।
তবে ভাংচুর এবং চুরির বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাদেরকে পাওয়া যায়নি।
আশুলিয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
