মালিকপক্ষের মজুরি প্রস্তাবে অসন্তুষ্ট পোশাক শ্রমিকরা, কত টাকা চান তাঁরা?

পোশাকশিল্পে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে মালিকপক্ষের দেওয়া প্রস্তাবে অসন্তোষ জানিয়েছেন শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। তাঁদের দাবি, মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকদের প্রত্যাশার ধারেকাছেও নেই। শ্রমিকপক্ষের পক্ষ থেকে আগে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানানো হয়েছিল। তবে আলোচনা এগিয়ে নিতে তাঁরাও দাবির পরিমাণ পুনর্বিবেচনা করে সংশোধিত প্রস্তাব দেবেন।

সোমবার (২৩ নভেম্বর) ন্যূনতম মজুরি বোর্ডের সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার।

তিনি বলেন, মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকদের দাবির তুলনায় অনেক কম। তবে এটিকে চূড়ান্ত প্রস্তাব হিসেবে দেখার সুযোগ নেই। আলোচনা চালিয়ে একটি সন্তোষজনক অবস্থানে পৌঁছানোর চেষ্টা করছে উভয় পক্ষ।

বাবুল আক্তার বলেন, মালিকপক্ষ কিছুটা কম অঙ্ক দিয়ে আলোচনা শুরু করেছে। তবে এটাই শেষ কথা নয়। আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে শ্রমিকপক্ষও তাদের দাবি সংশোধন করতে প্রস্তুত।

তিনি আরও জানান, প্রয়োজনে সোমবার রাত ১০টা পর্যন্ত আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত শ্রমিকপক্ষ। আলোচনা শেষ না হলে সভা মুলতবি রেখে মঙ্গলবার সকালে আবারও বৈঠকে বসার প্রস্তাব রয়েছে। ন্যূনতম মজুরির বিষয়টি দ্রুত নিষ্পত্তির ব্যাপারে উভয় পক্ষ একমত হয়েছে বলেও জানান তিনি।

মালিকপক্ষের প্রস্তাবের নির্দিষ্ট অঙ্ক প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন বাবুল আক্তার। তাঁর ভাষ্য, প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। দুই পক্ষের সংশোধিত প্রস্তাবের ভিত্তিতে পরবর্তী আলোচনা এগিয়ে নেওয়া হবে।

শ্রমিকপক্ষের এই প্রতিনিধি বলেন, আগেরবারের মতো এবারও প্রাথমিক প্রস্তাবের পর আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে। ফলে মালিকপক্ষের প্রস্তাবের বিপরীতে শ্রমিকদের সংশোধিত দাবির পর ন্যূনতম মজুরি নিয়ে আলোচনায় নতুন অগ্রগতি আসতে পারে।

সূত্রঃ news24bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!