আজ শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর)। প্রাণিসম্পদ খাতের উৎপাদন বৃদ্ধি, রপ্তানির সম্ভাবনা কাজে লাগানো এবং এ খাত সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে দেশজুড়ে এ আয়োজন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।

সকাল সাড়ে ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলা মাঠে আনুষ্ঠানিকভাবে সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি সেখানে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেলায় থাকছে ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন।

রাজধানীর আয়োজনের পাশাপাশি দেশের ৬৪টি জেলা ও বিভিন্ন উপজেলায় একযোগে নানা কর্মসূচি পালিত হবে। প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার, কর্মশালা, সচেতনতামূলক কার্যক্রম, রেসিপি প্রতিযোগিতা এবং প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন থাকছে।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে প্রাণিসম্পদ খাতকে গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও পুষ্টিনিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, দেশের প্রাণিজ আমিষের প্রায় ৫৬ শতাংশ আসে প্রাণিসম্পদ ও পোলট্রি খাত থেকে। এ খাত নারী ও তরুণদের কর্মসংস্থান এবং উদ্যোক্তা হওয়ার সুযোগও তৈরি করছে।

প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে খাদ্যনিরাপত্তা, জনস্বাস্থ্য, জীববৈচিত্র্য ও জলবায়ু সহনশীলতার বিষয়গুলো গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। পাশাপাশি স্থানীয় জাত সংরক্ষণ, উন্নত প্রজনন প্রযুক্তি, মানসম্মত পশুখাদ্য, রোগ প্রতিরোধ এবং আধুনিক প্রাণিস্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তিনি। প্রাণিজ পণ্যের প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়ানোর বিষয়টিও তাঁর বাণীতে গুরুত্ব পেয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ এবং গবেষণার মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন। এসব উদ্যোগের মাধ্যমে এ খাতে স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি রপ্তানির সুযোগ বাড়ানো সম্ভব বলে তিনি উল্লেখ করেছেন।

প্রধানমন্ত্রীর বাণীতে প্রাণিজ পণ্য রপ্তানির ক্ষেত্রে চামড়াজাত পণ্য, প্রাণিজ উপজাত এবং অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্যের স্বল্পমেয়াদি সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে। বাণিজ্যিকভাবে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে বাচ্চা উৎপাদনের উপযোগী নিষিক্ত ডিম রপ্তানির বিষয়টিও উল্লেখ করা হয়েছে। দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানের হালাল মাংস, দুগ্ধজাত ও পোলট্রি পণ্য এবং অপ্রচলিত প্রাণিজ পণ্য রপ্তানির সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

সংশ্লিষ্ট আয়োজনের মধ্য দিয়ে প্রাণিসম্পদ খাতের উৎপাদন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, খামারিদের সক্ষমতা বৃদ্ধি এবং প্রাণিজ পণ্যের বাজার সম্প্রসারণের বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!