গাছের চারা দিয়ে নবীনদের বরণ নোবিপ্রবিতে

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ফুলের পাশাপাশি গাছের চারা দিয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে কক্সবাজার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। পরিবেশবান্ধব ও ব্যতিক্রমী এই আয়োজনের মধ্য দিয়ে নবীনদের স্বাগত জানান সংগঠনটির সদস্যরা।

সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মনোসরণীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘নবীন বরণ ও স্পোর্টস ডে’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শাহাজাহান কুতুবী, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সালাহউদ্দিন মিল্লাত, ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সের (আইআইএস) সহকারী অধ্যাপক মো. আব্দুল করিম, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের সহকারী অধ্যাপক ড. শিপন দাশ গুপ্ত এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদুল করিম।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ক্লাইম্যাক্স ফিজিক্সের পরিচালক সিরাজুল ইসলাম রুবেল, সহকারী প্রোগ্রামার মো. আসিফ এবং সংগঠনটির সাবেক সভাপতি জিল্লুর রহমান।

বক্তারা নবীন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়জীবনে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি ক্যাম্পাসে কক্সবাজারের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও ঐক্য বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তাঁরা।

দুপুর আড়াইটায় প্রীতি ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। বিকেলে ছেলেদের জন্য মোরগ লড়াই ও বেলুন ফোটানো এবং মেয়েদের জন্য বল নিক্ষেপ, হাঁড়ি ভাঙা ও পিলো পাসিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। অতিথিদের জন্যও ছিল বিশেষ হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা।

সন্ধ্যায় গাছের চারা ও শুভেচ্ছা স্মারক দিয়ে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা, কুইজ প্রতিযোগিতা ও র‍্যাফেল ড্র।

অনুষ্ঠানের শেষ পর্বে কৃতী শিক্ষার্থীদের হাতে ‘একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম সাদিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি রোবায়েত হাসান রাকিব, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!