জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে জাতিসংঘের বিশেষ দূতকে ঢুকতে দিল না কোস্টারিকা

জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজকে দেশে প্রবেশের অনুমতি দেয়নি কোস্টারিকা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিজের আটকের ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন তিনি।

কোস্টারিকার পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ায় দেশটির আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে বাদিয়া বলেন, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের আইনি ব্যবস্থার বিধান কঠোরভাবে প্রয়োগ করে।

২০২২ সালে জাতিসংঘের মানবাধিকার পরিষদ ফ্রানচেসকা আলবানিজকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয়। জাতিসংঘের অন্যান্য স্বাধীন বিশেষজ্ঞের মতো তিনিও সংস্থাটির আনুষ্ঠানিক প্রতিনিধি নন; বরং স্বাধীনভাবে দায়িত্ব পালন করেন।

একাডেমিক ও মানবাধিকারবিষয়ক কাজের স্বীকৃতিস্বরূপ কোস্টারিকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করতে দেশটিতে যাওয়ার কথা ছিল আলবানিজের।

গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেওয়া এবং ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও অন্যান্য যুদ্ধাপরাধের অভিযোগ তুলে ধরায় দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে রয়েছেন তিনি। ইসরায়েল ও দেশটির মিত্রদের পাশাপাশি যুক্তরাষ্ট্রও তাঁর বক্তব্যের কঠোর সমালোচনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!