সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় জোরদারের আহ্বান এডাবের

সীমান্ত সিরাজ: স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সাভারে ভার্কের সেমিনার হলে ‘সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোরদারকরণ’ শীর্ষক সেমিনারে বক্তারা এ আহ্বান জানান। এডাব ঢাকা জেলা শাখা এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমকে গতিশীল, কার্যকর ও জনমুখী করতে সরকারি দপ্তর, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের মাধ্যমে জনগণের সমস্যা ও চাহিদা চিহ্নিত করে কার্যকর উদ্যোগ গ্রহণ করা সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে এডাবের নির্বাহী পরিচালক এ কে এম জসীম উদ্দিন নবায়নযোগ্য জ্বালানি, নারীর অধিকার, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়ন ও উন্নয়ন কার্যক্রমকে টেকসই করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম শহীদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহানারা আক্তার এবং উপজেলা সমবায় কর্মকর্তা ফারহানা পারভীন।

এ সময় বক্তব্য দেন জাতীয় পদকপ্রাপ্ত সমাজকর্মী সালাহ উদ্দিন খান নঈম, দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি শওকত আলী মাহমুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আবদুল কাদের তালুকদার, সাভার সিটিজেন ক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাভার উপজেলা এনজিও সমন্বয়ক কায়কোবাদ হোসেন এবং এডাব কেন্দ্রীয় কমিটির সদস্য শামীমা আক্তার।

বক্তারা বলেন, স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সরকারি দপ্তর, এনজিও, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। স্থানীয় জনগণের চাহিদা ও সমস্যা চিহ্নিত করে সমন্বিত পরিকল্পনা গ্রহণ, অভিজ্ঞতা বিনিময় এবং জবাবদিহি নিশ্চিত করা গেলে উন্নয়ন কার্যক্রম আরও ফলপ্রসূ ও জনকল্যাণমুখী হবে।

সেমিনারে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এডাব ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক সুব্রত দে। সভাপতিত্ব করেন এডাব কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ভার্কের নির্বাহী পরিচালক মো. ইয়াকুব হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাবুল মোড়ল।

সেমিনারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে যৌথ উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!