সাভারে নকল হানিফ পরিবহন নিয়ে অগ্নি সংযোগের চেষ্টা, গ্রেপ্তার ৬

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা ও মশাল মিছিলের প্রস্তুতিকালে শ্রমিক লীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে পেট্রোল ও বস্তা কেটে বাঁশের সাথে বানানো মশাল, ব্যানার ফেস্টুনসহ অগ্নিসংযোগের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এছাড়া হানিফ পরিবহনের স্টিকার লাগিয়ে নকল হানিফ লেখা একটি বাস জব্দ করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা ও মশাল মিছিলের প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, বাসে অগ্নিসংযোগ করে নাশকতা সৃষ্টি ও মশাল মিছিলের প্রস্তুতির সময় অভিযান চালিয়ে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারন সম্পাদক রুবেল হাওলাদার, বাপ্পী হোসেন সাইদ ও সজীবসহ শ্রমিক লীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় নকল হানিফ পরিবহনের একটি বাসও জব্দ করা হয়েছে। বাসটির মালিক শ্রমিক নেতা রুবেল হাওলাদার। ওই বাসে করেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় গিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যেতো।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিগত কয়েকদিন ধরে হানিফ পরিবহনের স্টিকার লাগিয়ে এবং হানিফ পরিবহনের মতো রং করে নকল হানিফ পরিবহনের একটি বাসে করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে মশাল মিছিল করে, বাসে অগ্নিসংযোগ করে এবং ব্যানার ফেস্টুন নিয়ে ঝটিকা মিছিল করে পালিয়ে যায়। এই বাসটি সম্পর্কে ইতিমধ্যেই আমরা জানতে পেরে খোজ খবর নিচ্ছিলাম। এরই মধ্যে শুক্রবার রাত ৯ টার দিকে আমরা খবর পাই বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় রাস্তার উপর চলন্ত অবস্থায় রেখে নাশকতাকারীরা একটি বাসে অগ্নিসংযোগ করতে যায়। তাৎক্ষনিকভাবে আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে নাশকতাকারীরা বাসে অগ্নিসংযোগ করতে পারেনি। এসময় তারা ব্যানার-ফেস্টুন ও মশালসহ বাস নিয়ে ঢাকার দিকে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, বাসটিকে ধরার জন্য আমরা ধাওয়া করি এবং আমাদের একাধিক টিম এ অভিযানে অংশ নেয়। বাসটিকে আটকের জন্য আমরা বলিয়াপুর এলাকায় রাস্তায় বেরিকেড দেই। এরই মধ্যে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল রাজফুলবাড়িয়া এলাকায় তাদের গাড়ি দিয়ে বেরিকেড দিয়ে বাসটিকে আটক করে। আমরাও দ্রæত ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষনিক ৫ জনকে আটক করি এবং বাকিরা দৌড়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে নাশকতার কাঝে ব্যবহৃত বাসটি জব্দ করা হয় এবং বাস থেকে পেট্রোল ও বস্তা কেটে বাঁশের সাথে বানানো মশাল, ব্যানার ফেস্টুনসহ অগ্নিসংযোগের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরবর্তীতে ট্যানারী ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করেছে।

এঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের পাশাপাশি পলাতক নাশকতাকারীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাসটিতে আরও কারা ছিলো এবং পরিকল্পনায় কারীসহ অন্যদের গ্রেপ্তার করে আইনের আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!