
সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন পরিষদ ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আঁধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। রবিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ডিইপিজেড সংলগ্ন ধামসোনা ইউনিয়ন পরিষদের সিঁড়িতে থাকা মালামালে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস জানায়, ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে ধামসোনা ইউনিয়ন পরিষদ ভবনে আগুন লাগার খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেয়। প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিস। তবে সিঁড়ির নিচে সংরক্ষিত থাকা জেনারেটর, হুইলচেয়ার, মশানিধন কেমিক্যাল, ফগার মেশিন ও কাগজপত্রসহ বেশ কিছু মালামাল পুড়ে যায়। বাকি কক্ষগুলো অক্ষত রয়েছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় কয়েক লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
