কিংবদন্তি আইয়ুব বাচ্চুর গান নিয়ে প্রকাশিত হবে উত্তরাধিকার

নিজস্ব প্রতিবেদক: কিংবদন্তি ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর গানগুলো রাখতে উদ্যোগ নিয়েছে তাঁর পরিবার, বন্ধু ও সতীর্থরা। নানান প্রজন্মের শিল্পীদের কন্ঠে আইয়ুব বাচ্চুর গানগুলো গাইয়ে প্রকাশ করা হবে ক্যাসেট ও সিডিতে। এ নিয়ে উত্তরাধিকার শিরোনামে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। রোববার সন্ধ্যায় ঢাকার কারওয়ান বাজার ডেইলি স্টার মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। তুমুল জনপ্রিয় ব্যান্ড সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর জন্মদিন উদযাপন উপলক্ষে এসময় উত্তরাধিকার নামে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

আইয়ুব বাচ্চুর সহধর্মিণী ফেরদৌস আখতার চন্দনার আমন্ত্রণে অনুষ্ঠানে ব্যান্ড জগতের শিল্পী, কলাকুশলী, বন্ধু, স্বজনেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কথা বলেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক- ফুয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, লাবু রহমান, ডি রকস্টার শুভ, আইয়ুব বাচ্চু দীর্ঘদিনের ম্যানেজার ও সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম আহমেদ ও অনুরাগী ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক ডা আশীষ কুমার চক্রবর্তী।

আইয়ুব বাচ্চুর সহধর্মিণী ফেরদৌস আখতার চন্দনা বলেন, ব্যান্ড জগতে আইয়ুব বাচ্চু জনপ্রিয় মানুষ ছিলেন। ছোট বড়ো সবাই তাকে ভালোবাসতো। তাঁর গানগুলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাঁচিয়ে রাখতে হবে। সেই জন্য তাঁর বন্ধু, সতীর্থ ও অনুরাগীদের উৎসাহ ও সহযোগিতায় উত্তরাধিকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় ক্যাসেট সিডি বের করা হবে। সেখানে নানান প্রজন্মের শিল্পীদের সম্পৃক্ত করা হয়েছে।

ব্যান্ডশিল্পী মোহাম্মদ আলী সুমন বলেন, উপমহাদেশে প্রতিনিধিত্ব করার মতো লোক ছিলেন। তিনি আগে ভাগেই চলে গেছেন। তাঁর আরো অনেককিছু দেয়ার ছিলো। তিনি ছিলেন একটা মহাসাগর।

আইয়ুব বাচ্চুর ব্যক্তিগত অনুরাগী ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, বাংলাদেশের সঙ্গীতের কিংবদন্তি বাচ্চু ভাই। তাঁর সাথে প্রচুর অম্ল মধুর স্মৃতি রয়েছে। তিনি শিশুসুলভ মনের মানুষ ছিলেন। তাঁর আরো অনেক কাজ করবার দরকার ছিলো। বাচ্চু ভাইয়ের রূপালী গীটারকে বাঁচিয়ে রাখতে চাই। তার জন্য আমি আমার সাধ্যমতো পাশে থাকবো। শিল্পীদের অনেক বেশি স্বাস্থ্য সচেতন হওয়া জরুরি। কারণ তারা দেশ ও জাতির প্রতিনিধিত্ব করেন।

আইয়ুব বাচ্চুর দীর্ঘদিনের ব্যক্তিগত ম্যানেজার ও সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম বলেন, ছোটবেলা থেকেই আমি তাঁর ভক্ত ছিলাম। তাঁর গান শুনে,গীটার বাজানো দেখে মুগ্ধ হয়ে যেতাম। আমার সাথে তিনি চট্টগ্রামের ভাষায় কথা বলতেন। মহৎগুণ ছিলো বহুদিন পর হলেও গলা শুনেই বুঝতে পারতেন কে কথা বলছে। তিনি পরিচিত কেউ সমস্যায় থাকলে তাকে দেখেই বুঝতে পারতেন। ব্যান্ড মিউজিকের সমস্যার উত্তরণে তিনি খুব নিবেদিত ছিলেন। তাঁর গানে তিনি প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকবেন।

অনুষ্ঠানের শেষদিকে আইয়ুব বাচ্চুর ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু, সতীর্থের ভিডিও বক্তব্য উপস্থাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!