পিতার কবর জিয়ারত করে প্রচারণা শুরু করবেন জোনায়েদ সাকি

প্রেস বিজ্ঞপ্তিঃ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় নিজ জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চরলহনিয়াতে পিতার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে মাথাল মার্কার নির্বাচনী প্রচারণা শুরু করবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। জোনায়েদ সাকির পিতা মো. ফজলুর রহমান দীর্ঘ সরকারি চাকরি জীবনে অত্যন্ত সততার সঙ্গে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে অবসর নিয়েছিলেন। ২০১৬ সালে ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।

২২ জানুয়ারি প্রচারণা শুরু করে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের অন্তর্গত বিভিন্ন ইউনিয়নে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রচারণা চালাবেন জোনায়েদ সাকি। ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের সঙ্গী হিসেবে এর আগে মাথাল মার্কায় জোনায়েদ সাকিকে সমর্থন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

দ্বাদশ শ্রেণী পর্যন্ত সবার জন্য বিনামূল্যে মানসম্মত শিক্ষা, সার্বজনীন স্বাস্থ্য কার্ড, উন্নত চিকিৎসা, কর্মসংস্থান বৃদ্ধি, কৃষকের ন্যায্য মূল্য ও সার বীজের নিশ্চয়তা, প্রবাসীদের অধিকার, উন্নত যোগাযোগ ব্যবস্থা, তরুণদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কেন্দ্র এবং নারীর অধিকার ও নিরাপত্তার প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনের মাঠে প্রচারণায় নামতে যাচ্ছেন জোনায়েদ সাকি। প্রচারণা চলাকালে নিজ এলাকার ভোটারদের দোয়া, সমর্থন, আর্থিক অনুদান ও প্রচারণা কাজে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। একইসাথে তিনি সারা দেশে মাথাল মার্কার প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন জোনায়েদ সাকি।

গণসংহতি আন্দোলনের ১৭ জন প্রার্থী মাথাল মার্কা নিয়ে নির্বাচনের মাঠে আছেন। তারা হলেন, ১) মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি (ব্রাহ্মণবাড়িয়া-৬), ২) তাসলিমা আখতার (ঢাকা-১২), ৩) সৈয়দ মো. হাসান মারুফ রুমী (চট্টগ্রাম-৯), ৪) মোঃ বাচ্চু ভূঁইয়া (ঢাকা-৩), ৫) দীপক কুমার রায় (লালমনিরহাট-৩), ৬) তারিকুল ইসলাম সুজন (নারায়ণগঞ্জ-৫), ৭) অঞ্জন দাস (নারায়ণগঞ্জ-৩) ৮) ফাতেমা রহমান বীথি (টাঙ্গাইল-৫), ৯) জাহিদুল আলম আল-জাহিদ (চট্টগ্রাম-৪), ১০) নাছির উদ্দীন তালুকদার (চট্টগ্রাম-৬), ১১) নাহিদা জাহান (ব্রাহ্মণবাড়িয়া-৫), ১২) তাহামিদা ইসলাম তানিয়া (নাটোর-২), ১৩) মোস্তাফিজুর রহমান রাজীব (ময়মনসিংহ-৪), ১৪) মো. নজরুল ইসলাম সরকার (ময়মনসিংহ-৫), ১৫) একেএম শামসুল আলম (ময়মনসিংহ-১০), ১৬) সেন্টু আলী (নাটোর-১) ও ১৭) ডা. ফিদেল নঈম (জামালপুর-৩)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!