
সাভার (ঢাকা) প্রতিনিধিঃ শিল্পাঞ্চল আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে আবারও ডিবি পুলিশ পরিচয়ে ৬০ ব্যারেল সরিষার তেলবোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে ছিনতাইকৃত ট্রাকটি ঢাকার দিকে নিয়ে যাওয়ার সময় বিকল হয়ে পড়ায় সেটি সাভারের হেমায়েতপুর এলাকায় ফেলে রেখে যায় ছিনতাইকারীরা। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বায়তুল হাবিব জামে মসজিদের পাশে বিকল অবস্থায় ফেলে যাওয়া ছিনতাইকৃত তেল বোঝাই ট্রাকটি উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আজগর হোসেন। এর আগে শনিবার ভোরে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় থেকে তেল বোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটে।
থানা পুলিশ ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, সাভারের নামাবাজারের মোহনা অয়েল মিল থেকে তেল নিয়ে ট্রাকটি সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হয়েছিল। শনিবার ভোর ৪ টার দিকে পল্লী বিদ্যুৎ এলাকায় একটি মাইক্রোবাস দিয়ে ট্রাকটির গতিরোধ করা হয়। পরে মাইক্রোবাস থেকে সাতজন নেমে নিজেদের পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্য পরিচয় দেয়এ
ট্রাক চালক খায়রুল ইসলাম বাবু জানান, ছিনতাইকারীরা তাঁকে ও সহকারী সাব্বির হোসেনকে ট্রাক থেকে নামিয়ে চোখ এবং হাত বেঁধে মাইক্রোবাসে তুলে নেয়। পরে নেশাজাতীয় ট্যাবলেট খাইয়ে তাঁদের মির্জাপুর এলাকার সড়কের পাশে ফেলে দেওয়া হয়। ছিনতাইকারীরা এসময় চালকের কাছ থেকে ১১ হাজার টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
এদিকে ট্রাক ছিনতাইয়ের সময় ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আহাসানুর রহমান প্রধান বলেন, ঘটনার সময় পল্লী বিদ্যুৎ এলাকায় আমার দায়িত্ব থাকলেও আমি পাশের এলাকা জামগড়ায় অভিযানে ছিলাম। তাই ওই সময়ে ঠিক কী হয়েছে তা আমার জানা নেই।
মোহনা অয়েল মিলের মালিক আব্দুর রাজ্জাক বলেন, চালকের মোবাইল থেকে ফোন পেয়ে হেমায়েতপুরে ট্রাকটির অবস্থান জানা যায়। পরে সেখানে গিয়ে ট্রাকটি উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তেলসহ ট্রাকটি ঢাকার দিকে নিয়ে যাচ্ছিল মনে হয়।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আজগর হোসেন তেল বোঝাই ট্রাক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাসড়কে পুলিশ পরিচয়ে ট্রাক ছিনতাকারীদের ধরতে আমাদের অভিযান চলমান রয়েছে। শীঘ্রই চক্রটিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
প্রসঙ্গতঃ গত বুধবার রাতে একই এলাকা থেকে পাম তেলবোঝাই আরেকটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে চার দিনে পার হয়ে গেলেও ওই ঘটনায় এখন পর্যন্ত লুন্ঠিত তেল উদ্ধার কিংবা ছিনতাইয়ের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
