
সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে স্টীকার লাগিয়ে জয় বাংলা শ্লেগান দিয়ে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় গ্রেপ্তারকৃত মডেল সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুভাষসহ দুইজনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর মধ্যে সাভারের আশুলিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার মিষ্টি সুভাষের দুই দিন এবং রফিকুল ইসলাম ওরফে দূর্জয়ের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
শুক্রবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম সোহাগের আদালত রিমান্ডের আদেশ দেন। এর আগে গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শহিদুজ্জামান প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি, ঘটনাস্থলে উপস্থিত থেকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে অবৈধ কার্যক্রম পরিচালনা করেছে বলে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে, ঘটনার মূল রহস্য উদঘাটন এবং হামলার সঙ্গে জড়িত অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের পরিচয় ও ঠিকানা সংগ্রহ করা জরুরী। পাশাপাশি, এ ঘটনার ইন্ধনদাতাদের শনাক্ত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের লক্ষ্যে আসামিদের পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

এঘটনায় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন এবং রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। দুই পক্ষের শুনানি শেষে আদালত মিষ্টি সুভাষের দুই দিন ও দূর্জয়ের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেনে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শহিদুজ্জামান।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৬ মার্চ দুপুর ১ টা ১০ মিনিটে আশুলিয়া থানার নবীনগর জাতীয় স্মৃতিসৌধের মূল বেদির সামনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২২ বা ২৫ জন নেতাকর্মী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, শেখ মুজিবুর রহমানের ছবির প্লেকার্ড ব্যবহার করে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, অবৈধ নির্বাচনের অবৈধ সরকার মানি না, মানবো না, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে স্লোগান দিলে দুজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় আশুলিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে এবটি মামলা দায়ের করা হয়।
প্রসঙ্গতঃ রিমান্ড মঞ্জুরকৃত রকিবুল ইসলাম দুর্জয়ের (৩২) বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সিঙ্গাপুুর গ্রামে এবং মিষ্টি সুভাষের (২৮) বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানা এলাকায়। তারা বৃহস্পতিবার দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধ থেকে গ্রেপ্তার হন।
