আশুলিয়ায় নির্মাণাধীণ ভবনের সেপটিক ট্যাংকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু ‎

‎সাভার (ঢাকা) প্রতিনিধিঃ ‎সাভারের আশুলিয়ায় একটি নির্মানাধীণ ভবনের সেপটিক ট্যাংকে পড়ে আলম ইসলাম (২৭) নামে এক রাজমিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে আশুলিয়ার ছয়তলা রূপায়ন হাউজিং এলাকার তৌহিদ উদ্দীনের নির্মাণাধীণ ভবনের সেফটি ট্যাংকে পড়ে এই মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত আলম ইসলাম পঞ্চগড় জেলার বোদা থানার কুমার পাড়া এলাকার আব্দুল ওয়াহবের ছেলে। সে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রীর কাজ করতো।

‎স্থানীয়ারা জানান, কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই রাজমিস্ত্রী আলম ইসলাম প্রায় ৬০ ফুট গভীর সেপটিক ট্যাংকে রশি দিয়ে নামার চেষ্টা করে। একপর্যায়ে সে রশী ছিড়ে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর ভবনের মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এরপরে এবিষয়ে ওই ভবনের কন্ট্রাক্টর ফারুকের সাথে কথা বলতে চাইলে সাংবাদিকদের দেখেই সটকে পড়েন তিনি। পরে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ হারু অর রশীদ বলেন, হাসপাতালে যখন ওই রাজমিস্ত্রীকে নিয়ে আসা হয়, তখন সে মৃত অবস্থায় ছিলো। তবে কিভাবে মারা গেছে সে বিষয়ে আমরা কিছুই বলতে পারি না।

জানতে চাইলে জামগড়া পুলিশ ফাড়ির ইনচার্জ (এসআই) রাশেদুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহতের পরিবারের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!