ডিবির অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার, গুলি ও মাদক উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভার ও আশুলিয়ায় পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ৫ হাজার ৫০ পিস ইয়াবা, ৫০ পুরিয়া হেরোইন ও ৬ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ চারজনকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৩ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম। এর আগে শনিবার (২২ আগস্ট) রাতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
প্রেস বিজ্ঞপিতে ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার বারইপাড়া এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ দিলদার মিয়া (৩৫) ও মোঃ সুমন তালুকদারকে (২৮) আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা।
অপর একটি অভিযানে ধামরাই থানার বালিথা এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ মাসুম মিয়া ওরফে মাজুকে (২৪) পঞ্চশ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয় যার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা। এছাড়া আশুলিয়া থানার নবীনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী জান্নাত হোসেন সোহাগকে (২৯) আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৬ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি ও ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দিলদার মিয়ার বিরুদ্ধে দুটি মাদক মামলা, সুমন তালুকদারের বিরুদ্ধে একটি মাদক মামলা এবং জান্নাত হোসেন সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!