দাখিল প্রাইভেট পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু

অনলাইন ডেস্কঃ ২০২৬ শিক্ষাবর্ষের দাখিল (প্রাইভেট) পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও ফরম পূরণ শুরু হয়েছে। প্রাইভেট পরীক্ষার্থীরা শুধু সাধারণ ও মুজাব্বিদ শাখায় পরীক্ষা দিতে পারবেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) শুরু হওয়া এ নিবন্ধন কার্যক্রম আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব মাদরাসা শিক্ষার্থীরা নিয়মিত পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের দাখিল প্রাইভেট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ২০২৬ শিক্ষাবর্ষের দাখিল (প্রাইভেট) পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফরম পূরণের প্রক্রিয়া কয়েকটি নির্দেশনা মেনে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা যাবে।

নির্দেশাগুলো হলো, শুধু ২০২৬ শিক্ষাবর্ষের দাখিল পরীক্ষার কেন্দ্রস্থিত মাদরাসা থেকে দাখিল প্রাইভেট রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফরম পূরণ করা যাবে; দাখিল প্রাইভেট পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রাইভেট পরীক্ষার্থীদের বয়স সর্বনিম্ন ১৯ বছর (১ জানুয়ারী ২০২৬ তারিখে)। রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফরমপূরণ ফি জমা দেওয়া যাবে ১০ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

আবেদনের সঙ্গে কয়েকটি কাগজ সংযুক্ত করতে হবে। তা হলো- মাদরাসার প্যাডে রেজিস্ট্রার বরাবর দাখিল (প্রাইভেট) পরীক্ষা-২০২৬ এর রেজিস্ট্রেশন ও ফরম পূরণের জন্য আবেদন; মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার বরাবর সোনালী ব্যাংকের ২৪১ টাকা রেজিস্ট্রেশনের জন্য এবং ফরমপূরণের জন্য ১৯২৫ টাকার পেঅর্ডার; টটলিস্ট; পাসপোর্ট সাইজের রঙিন ছবি দুই কপি (ছবির পিছনে টটলিস্টের ক্রমিক নং, শিক্ষার্থীর নাম ও মাদরাসা প্রধানের সত্যায়ন থাকবে); জন্ম নিবন্ধন কার্ড বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি; আবেদনের মূল কপিসহ দুই সেট রেজিস্ট্রেশন শাখায়, আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে বোর্ডে এসে হাতে হাতে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দাখিল (প্রাইভেট) পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মেয়াদ এক বছর নির্ধারিত, চাকরিরত প্রার্থীদের বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত ঠিক থাকলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে রেজিস্ট্রেশন ও ফরমপূরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, প্রাইভেট পরীক্ষার রেজিস্ট্রেশন ও ফরমপূরনের জন্য যেকোনো আবেদনপত্র গ্রহণ ও বাতিলের ক্ষমতা মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করেন, ডাকযোগে রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফরমপূরণ সংক্রান্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য নয়, প্রাইভেট পরীক্ষার্থীরা শুধুমাত্র সাধারণ ও মুজাব্বিদ শাখায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, প্রাইভেট পরীক্ষার্থী অতিরিক্ত বিষয় নিতে পারবেন না।

 

সূত্রঃ দৈনিক কালের কন্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!