
সাভার (ঢাকা) প্রতিনিধিঃ রাজধানী লাগুয়া সাভারের আমিনবাজার এলাকায় হেমায়েতপুর আর্মি ক্যাম্পের অভিযানে এক মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় ওই মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদকদ্রব্য ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রীর নগদ টাকা উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে রাত সাড়ে ৯ টার দিকে সেনাবাহিনীর নিয়মিত টহল অভিযানে ৮ বীর (হেমায়েতপুর আর্মি ক্যাম্প) এর একটি টহল দল আমিনবাজার ট্রাফিক বক্স সংলগ্ন এলাকায় নিয়মিত টহল পরিচালনাকালে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটক মাদক কারবারির নাম জহুরুল হোসেন (৬৫)। সে সাভারের আমিনবাজার এলাকার বাসিন্দা এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী।

আর্মি ক্যাম্প সুত্রে জানা গেছে, সাভারের আমিনবাজার ট্রাফিক বক্স সংলগ্ন এলাকায় নিয়মিত টহল পরিচালনাকালে সন্দেহজনকভাবে মাদক বিক্রির সময় এক ব্যক্তিকে আটক করে। ঘটিকায় ৮ বীর (হেমায়েতপুর আর্মি ক্যাম্প) এর একটি টহল দল। পরে তার দেহ তল্লাশী করে ৩০টি ইয়াবা, আড়াইশ গ্রাম গাঁজা ও মাদক বিক্রীর নগদ দুই লাখ ৫৭ হাজার ৬২২ টাকা এবং একটি মোবাইলফোট উদ্ধার করা হয়।
আর্মি ক্যাম্প সুত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত টহলে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করে যাবে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত জহুরুল হোসেন দীর্ঘদিন ধরে আমিনবাজার এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রয় করে আসছিলো। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ক্রেতারা পালিয়ে গেলেও মাদক কারবারি জহুরুল হোসেনকে আটক করে সেনা সদস্যরা। পরে উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামতসহ তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ।
