
সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় থানা বিএনপির নেতা ও জাতীয়তাবাদী তাঁতীদলের আশুলিয়া থানা শাখার ১নং সহ-সভাপতি মোহাম্মদ বকুল ভূঁইয়ার নির্দেশে আজাদ হোসেন (৩১) নামে এক ঝুট ব্যবসায়ীকে গুলি করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। এঘটনায় গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী ঝুট ব্যবসায়ীকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় আশুলিয়ার বেরন ছয়তলা এলাকায় এ গুলির ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আজাদ হোসেন সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার মোঃ ইউনুসের ছেলে। সে পেশায় একজন ঝুটের ব্যবসায়ী বলে জানা গেছে।
আহতের স্বজনরা জানান, বিকেলে সাভারের আশুলিয়ার ছয়তলা এলাকায় নিজের ঝুটের গোডাউনে যায় আজাদ। পরে তাকে কেউ গুলি করে পালিয়ে গেলে স্থানীয়রা আজাদকে উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
গুলিবিদ্ধ আজাদ হোসেন বলেন, আমি একজন ঝুট ব্যবসায়ী। আমি বিকেল মোটরসাইকেলে করে আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলাম। হঠাৎ দুইটা ছেলে আমার গতিরোধ করে। এসময় আমি মোটরসাইকেল থেকে নামার সাথে সাথে একজন ৪টা গুলি করে এবং আরেকজন ১ টা গুলি করে। এর মধ্যে একজনকে আমি চিনি, তার নাম তৈয়ব এবং বাড়ি খুলনা জেলার কান্দাপাড়া এলাকায় বাড়ি। তৈয়বকে পাঠাইছে বিএনপি নেতা বকুল ভূইয়া। আমাকে গুলি করার পর ওরা বকুল ভূইয়ার সাথে মোবাইলে কথা বলেছে। তবে কি কারনে আমাকে গুলি করলো সে বিষয়ে আমি কিছুই জানিনা।
তবে গুলির নির্দেশের বিষয়ে জানতে বিএনপি নেতা বকুল ভূইয়ার মুঠোফোনে কল করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া গেছে। গুলির নির্দেশদাতা বকুল ভূইয়ার নামে আশুলিয়া থানা, রামপুরা থানায় একাধিক মামলার রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। অন্যদিকে গুলির ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও এ বিষয়ে কিছুই জানেনা আশুলিয়া থানা পুলিশ।
সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ এনামুল হক মিয়া বলেন, গুলিবিদ্ধ অবস্থায় আজাদ হোসেন নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার পেটে গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, গুলি করার বিষয়টি শুনেছি, তবে বিস্তারিত জানিনা। এ বিষয়ে কেউ এখনও থানায় অভিযোগ করেনি। যদি কেউ অভিযোগ করে তাহলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
