
সাভার (ঢাকা) প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী হত্যা-জনতার আন্দোলনের সময় ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে যোগ দিয়ে ২৪ এর ১৮ জুলাই সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় হত্যার শিকার শাইখ আসহাবুল ইয়ামিন হত্যা মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা আহম্মেদ ফয়সাল নাইম তুর্য্যকে (৩০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ সাইদুল ইসলাম।
এর আগে শুক্রবার রাতে রাজধানীর শেরে বাংলানগর থানাধীন আগারগাঁও পানির ট্যাংকির মোড় এলাকা থেকে ওই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আহম্মেদ ফয়সাল নাইম তুর্য্য (৩০) নিষিদ্ধ সংগঠন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মৃত আবু আহম্মেদ নাসীম পাভেলের ছেলে। সে সাভার থানা যুবলীগের সভাপতি প্রার্থী হয়ে দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
ডিবি পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সরকারের দোসর যুবলীগ নেতা জুলাই অভ্যুত্থানে শহীদ ইয়ামিন হত্যা মামলার আসামি আহমেদ ফয়সাল নাঈম তূর্য দীর্ঘদিন ধরে পলাতক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে সরকার বিরোধী কর্মকান্ড পরিচালনা করে আসছিলো। ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর শেরে বাংলানগর থানাধীন আগারগাঁও পানির ট্যাংকির মোড় এলাকা থেকে যুবলীগ নেতা আহম্মেদ ফয়সাল নাইম তুর্য্যকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের সক্রিয় সদস্য আহম্মেদ ফয়সাল নাইম তুর্য্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ৬ টি বৈষম্য বিরোধী হত্যা মামলাসহ ১টি সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। উক্ত আসামীর বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
