
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় ঢাকা জেলা ডিবি পুলিশের (উত্তর) পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা ডিবি পুলিশের (উত্তর) অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেকের গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়া থানাধীন পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মো. সাগর হোসেন তারা (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তার বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার কমলাপুর নারায়ণপুর এলাকায়। বর্তমানে তিনি আশুলিয়ার কুমকুমারি পশ্চিমপাড়ায় বসবাস করছিলেন।
একই সময়ে ডিবির (উত্তর) অপর একটি চৌকস দল আশুলিয়া থানাধীন বিশমাইল এলাকায় অভিযান চালিয়ে মো. মামুন (৩৫) নামের আরেক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। তিনি নাটোর জেলার বড়াইগ্রাম থানার লক্ষীকুল বাজার এলাকার বাসিন্দা এবং বর্তমানে আশুলিয়ার দুর্গাপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এদের মধ্যে গ্রেপ্তারকৃত মো. মামুনের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।
