প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাযায় সোহেল রানা ক্ষমা প্রার্থনা

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ প্যারোলে মুক্তি পেয়ে সাভারে এসে মায়ের জানাযায় অংশ নিলেন ধ্বসে পড়া বহুতল ভবন রানা প্লাজার মালিক সোহেল রানা। সাভার মডেল থানা পুলিশের উপস্থিতিতে জানাযায় অংশ নিয়ে এসময় উপস্থিত সকলের কাছে মাফ চেয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভার পৌর এলাকার মাদরাসা মসজিদে আয়োজিত মায়ের জানাযায় অংশ নেন সোহেল রানা ।

সোহেল রানার মা মৃত মজিনা বেগম সাভার পৌর এলাকার বাজার রোড মহল্লার মৃত আব্দুল খালেকের স্ত্রী।

জানাযায় অংশ নিয়ে রানা প্লাজার মালিক সোহেল রানা উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমার ভুলের জন্য আমাকে সবাই মাফ করে দিবেন।

জানাযায় উপস্থিত রানার চাচাতো ভাই জাহাঙ্গীর আলম জানান, আমার চাচি মজিনা বেগম দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার জানাযায় অংশ নেয়ার জন্য প্যারোলে মুক্তির আবেদন করলে আমার চাচাতো ভাই রানাকে শনিবার সন্ধ্যা ৬ টার দিকে পুলিশ সাভারে নিয়ে আসে। এসময় রানা সকলের কাছে তার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। জানাযা শেষে রাত সাড়ে ৭ টার দিকে কেরানীগঞ্জের কারাগারে নিয়ে যায় পুলিশ।

প্রসঙ্গতঃ ২০১৩ সালের ২৪ এপ্রিল সকাল ৯টার দিকে সাভার বাজার বাসষ্ট্যান্ডেক অবস্থিত বহুতল ভবন রানা প্লাজা ধ্বসে পড়ে। এঘটনায় ভবনের নিচে চাপা পড়েন সাড়ে পাঁচ হাজার পোশাক শ্রমিক। ওই ঘটনায় এক হাজার ১৩৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত ও পঙ্গু হন প্রায় দুই হাজার শ্রমিক। ধ্বংসস্তপের নিচ থেকে দুই হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!