বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাকি ৩ দিন

দেশে তরুণ উদ্যোক্তা তৈরি ও নতুন উদ্যোগে অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি—উদ্যোগ’-এর দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাকি রয়েছে আর মাত্র তিন দিন। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত দেশের বাকি ৫৬ জেলার তরুণ উদ্যোক্তারা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে প্রথম ধাপে নির্বাচিত ৬৪০ জন উদ্যোক্তার তালিকা প্রকাশ করা হয়েছে। দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে জমা পড়া আবেদন যাচাই-বাছাই করে তাঁদের চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।

প্রাথমিক পর্যায়ে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা জেলার ৬৪টি উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন।নির্বাচিতদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

এদিকে বাকি ৫৬ জেলার সব উপজেলা থেকে তরুণ উদ্যোক্তাদের আবেদন গ্রহণ চলছে। গত ১ নভেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ের আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী উদ্যোক্তারা নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে পারবেন।

আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। কর্মসূচির নীতিমালা ও আবেদন ফরমও এসব মাধ্যমে পাওয়া যাবে।

‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় একজন তরুণ উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন পেতে পারেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং ঋণের সমপরিমাণ সর্বোচ্চ ১০ লাখ টাকা এককালীন অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ একই সময়ে এককালীন দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তরুণদের নতুন ব্যবসা ও উদ্যোগ গড়ে তোলার সুযোগ তৈরি করাই এ কর্মসূচির লক্ষ্য। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে আগ্রহীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন ফরম জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদন ফরম পেতে এখানে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!