শুক্রবারও আশুলিয়ায় খোলা ছিলো ১১৮টি তৈরী পোশাক কারখানা

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের ফলে গত কয়েকদিন ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের  বেশ কিছু কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। সেই ক্ষতি কাটিয়ে উঠতে যেসব কারখানায় জরুরি কাজের চাপ রয়েছে শুক্রবার ছুটির দিনেও সেসব কারখানায় উৎপাদন চালু রেখেছিলো কারখানা কর্তৃপক্ষ। শুক্রবার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের ১১৮ টি শিল্প কারখানা চালু ছিলো বলে জানিয়েছেন আশুলিয়া শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া।

কয়েকটি কারখানায় দায়িত্বরত কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির কারণে তৈরি হওয়া উৎপাদন ঘাটতি পুষিয়ে নিতে এবং নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি আদেশ (শিপমেন্ট) ডেলিভারি নিশ্চিত করতে মালিকপক্ষ কারখানাগুলো চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, চলমান শ্রমিক অসন্তোষের কারনে উৎপাদন ব্যবহত হওয়ায় শুক্রবার ছুটির দিনেও সাভার-আশুলিয়ায় ১১৮টি পোশাক কারখানায় উৎপাদ কার্যক্রম অব্যাহত ছিলো। খোলা রাখা কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়।

এর আগে গত শুক্রবারও (২০ নভেম্বর) উৎপাদন ঘাটতি পুষিয়ে নিতে সাভার ও আশুলিয়ার ১২৬টি পোশাক কারখানা খোলা রেখেছিলো মালিকপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!