অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা করল ওপেনএআই

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে শুক্রবার অ্যাপলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দাখিল করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ওপেনএআই। প্রতিষ্ঠানটির অভিযোগ, অ্যাপল তাদের বাণিজ্যিক গোপনীয় তথ্য হাতিয়ে নিয়েছে এবং হার্ডওয়্যার সরবরাহকারীদের ভবিষ্যৎ ওপেনএআই ডিভাইস তৈরির কাজে যুক্ত হতে নিরুৎসাহিত করছে।

ওপেনএআইয়ের দাবি, অ্যাপলের নিয়োগ পদ্ধতি কর্মীদের অন্য প্রতিষ্ঠানে যোগ দেওয়া থেকে বিরত রাখা এবং প্রতিযোগীদের প্রযুক্তিতে কাজ করার সুযোগ সীমিত করার উদ্দেশ্যে তৈরি। প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস তৈরি করছে, যা অ্যাপলের নিজস্ব বাজারে প্রতিযোগিতার নতুন চাপ তৈরি করতে পারে।

আদালতে দাখিল করা নথিতে ওপেনএআই অভিযোগ করেছে, অ্যাপল তাদের সাবেক এক কর্মীকে পুনরায় নিয়োগ দিয়ে গোপন তথ্য সংগ্রহ করেছে। ওই কর্মী ওপেনএআইয়ে ছয় মাস কাজ করার সময় নতুন একটি ডিভাইস এবং ভবিষ্যৎ হার্ডওয়্যার পণ্যের পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ পেয়েছিলেন বলে দাবি প্রতিষ্ঠানটির।

তবে ওপেনএআইয়ের গোপন তথ্য সংগ্রহের অভিযোগ অস্বীকার করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির ভাষ্য, পাল্টা দাবিগুলো তাদের করা মূল মামলা থেকে মনোযোগ সরানোর চেষ্টা।

এর আগে গত জুলাইয়ে ওপেনএআই এবং প্রতিষ্ঠানটির সাবেক দুই কর্মী ট্যাং ট্যান ও চ্যাং লিউয়ের বিরুদ্ধে মামলা করে অ্যাপল। তাদের বিরুদ্ধে বাণিজ্যিক গোপনীয় তথ্য আত্মসাতের অভিযোগ আনে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। অ্যাপলের অভিযোগ, ভোক্তা পর্যায়ের হার্ডওয়্যার ব্যবসায় সুবিধা পেতে এসব তথ্য ব্যবহার করা হয়েছে।

ট্যাং ট্যান অ্যাপলে ২৪ বছর কাজ করেছেন। তিনি আইফোন ও অ্যাপল ওয়াচের পণ্য নকশা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। পরে তিনি এআই ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান আইও প্রোডাক্টসের সঙ্গে যুক্ত হন। প্রতিষ্ঠানটি ২০২৫ সালে ওপেনএআই অধিগ্রহণ করে।

ওপেনএআই ও অভিযুক্ত সাবেক কর্মীরা অ্যাপলের অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, অ্যাপলের মামলা চ্যাং লিউয়ের চাকরি ছাড়ার পর তাঁর ব্যক্তিগত বার্তার ওপর অননুমোদিত নজরদারির ওপর নির্ভরশীল।

ওপেনএআই আরও অভিযোগ করেছে, অ্যাপল কর্মীদের ব্যক্তিগত অ্যাপল ডিভাইস ও অ্যাকাউন্টে কাজ করতে উৎসাহিত করে এবং চাকরি পরিবর্তনের সময় ব্যক্তিগত ও পেশাগত তথ্য আলাদা করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। প্রতিষ্ঠানটির দাবি, এখন পর্যন্ত অ্যাপলের প্রায় ৪০০ কর্মী ওপেনএআইয়ে যোগ দিয়েছেন। অন্য কর্মীদের ভয় দেখিয়ে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে যোগ দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করছে অ্যাপল। সূত্র:দ্য গার্ডিয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!