
সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে আকট করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট, গাঁজা, উদ্ধারসহ মাদক বিক্রীর নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া এলাকার মো: সেলিম (৩০), বাবু (৪০) ও জুয়েল (৪০)।
আর্মি ক্যাম্প সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার হেমায়েতপুর আর্মি ক্যাম্প এর একটি টহল দল রাজফুলবাড়িয়া এলাকায় নিয়মিত টহল পরিচালনাকালে তেঁতুলঝোড়া প্রাথমিক বিদ্যালয়ের নিকট তিনজনকে গাঁজা সেবনরত অবস্থায় দেখতে পায়। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিয়মিত গাঁজা সেবনকারী এবং গাঁজা ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে পাশের একটি দোকান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক ব্যবসার সঙ্গে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, ৩০ পট গাঁজা, ২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ পিস অ্যাকুয়ামারিনা ডায়মন্ড, মাদক বিক্রীর নগদ ২৫ হাজার ৩৮৪ টাকা, ভারতীয় ভিসাসহ ২টি পাসপোর্ট, ১৩টি চেক বই, গাঁজা ওজনের মেশিন, ইয়াবা সেবনের সরঞ্জামাদি, রেজিস্টার, মোবাইল ফোন, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক উপকরণ।
আর্মি ক্যাম্প সুত্র জানায়, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বেও সাভার থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। অভিযানের পর আটককৃত ব্যক্তিদের এবং উদ্ধারকৃত আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়া সেনাবাহিনী সর্বদা মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সুত্রটি।
