সাভারকে মাদক ও চাঁদাবাজমুক্ত করা হবে-ডা: সালাউদ্দিন বাবু

সাভার প্রতিনিধিঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ডা: দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে সাভার পৌরসভার রাজাবাড়ী স্কুল মাঠে ৬নং ওয়ার্ড বিএনপি আয়োজিত বিশাল পথসভায় তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে একগুচ্ছ উন্নয়ন প্রতিশ্রুতি দেন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. সালাউদ্দিন বাবু বলেন, বিগত ১৭ বছর আমরা নাগরিক হিসেবে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। এবার সেই সুযোগ এসেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শামিল হোন। আমি নির্বাচিত হলে সাভার ও আশুলিয়া থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে নিজ দলের কেউ জড়িত থাকলেও তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ডা: সালাউদ্দিন বাবু এলাকার জরাজীর্ণ রাস্তাঘাট সংস্কার, উন্নত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেন। পাশাপাশি ভোটারদের ভয়ভীতি উপেক্ষা করে কেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাভার পৌর বিএনপি’র সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মোঃ ওবায়দুর রহমান অভি, ভিপি বদিউজ্জামান বদির, আহসান উল্লাহসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ আরব আলী।

পথসভা শেষে ডা. সালাউদ্দিন বাবুর নেতৃত্বে একটি বিশাল মিছিল বের করা হয়, যা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সাধারণ মানুষের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করা হয়। পথসভাটি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক জনসমুদ্রে পরিণত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!